গোয়ালন্দে এক মাসে পাঁচজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারি থেকে গোয়ালন্দ রেলগেট পর্যন্ত সড়ক বিভাজক (রোড ডিভাইডার) না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গত এক মাসে শিশু ও স্কুলছাত্রসহ পাঁচজন নিহত ও ১০ জন আহত হয়েছে। প্রায় নয় মাস আগে যোগাযোগমন্ত্রী ওই সড়কে বিভাজক নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।
সড়কে বিভাজক নির্মাণের দাবিতে গতকাল সোমবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ উপজেলা ছাত্র কল্যাণ সমিতি ও এলাকাবাসী গোয়ালন্দ বাসস্ট্যান্ডে মানববন্ধন করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে যোগাযোগমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি দেওয়া হয়।
এ সময় কামরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, অধ্যাপক আউয়াল আনোয়ার, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন, সংগঠনের সভাপতি মিলন গায়েন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বক্তব্য দেন।
এলাকার কয়েকজন জানান, গত রোববার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে পশ্চিম উজানচর রমজান মাতুব্বরপাড়ায় মহাসড়কে দ্রুতগামী একটি গাড়ির চাপায় কুদ্দুস সরদার নামে এক তরুণ নিহত হন। এ সময় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে সড়কে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন, গোয়ালন্দঘাট থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল নিশাত গিয়ে পরিস্থিতি শান্ত করলে এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়। একই দিন বেলা আড়াইটার দিকে ওই স্থানে বাসচাপায় হূদি আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়। এ ছাড়া ১৬ অক্টোবর ঈদের দিন ওই এলাকায় শহীদ ব্যাপারী নামে এক কিশোর পিকআপ ভ্যানের চাপায় নিহত হন। এ সময় দুই শিশুসহ পাঁচজন আহত হন। গত ১৪ অক্টোবর গোয়ালন্দ বাসস্ট্যান্ডে দুর্ঘটনায় প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহমেঞ্চদ ও যুগান্তর প্রতিনিধি আবু মুসা বিশ্বাস আহত হন। ২৭ সেপ্টেম্বর নবম শ্রেণীর স্কুলছাত্র জসিম বিশ্বাস (১৬) বাসচাপায় আহত হয়ে ৪ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। গত ২৬ অক্টোবর ক্যানেলঘাট এলাকায় বাসচাপায় সিমলা আক্তার নামে এক শিশু নিহত হয়।
স্থানীয়রা আরও জানান, গত ১৬ জানুয়ারি দৌলতদিয়াঘাট বাইপাস ও চারলেন সড়কের উদ্বোধনী অনুষ্ঠানের জনসভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের কাছে ওই সড়কে বিভাজক নির্মাণের দাবি জানায় এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে মন্ত্রী সড়ক ও জনপদ (সওজ) বিভাগ ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে দ্রুত বিভাজক নির্মাণের নির্দেশ দেন। মন্ত্রীর প্রতিশ্রুতির নয় মাস পেরিয়ে গেলেও সড়কে বিভাজক নির্মাণকাজে কোনো অগ্রগতি নেই।
সওজ রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী সমিরন রায় বলেন, ওই মহাসড়কের পদ্মার মোড়ের পর থেকে তেনাপচা সংযোগ সড়ক পর্যন্ত ৩০০ মিটার বাঁক এলাকায় মাটি ভরাটের জন্য শিগগির ৩০ লাখ টাকার কার্যাদেশ দেওয়া হবে। পুরো সড়কের কাজ শুরু হতে জানুয়ারি মাস লাগতে পারে।