গোয়ালন্দে এক রাতে ছয় বাড়িতে ডাকাতি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও দৌলতদিয়া ইউনিয়নের সীমন্তবর্তী দুটি গ্রামে গত রোববার মধ্যরাতে ছয়টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
একদল ডাকাত এসব পরিবারের লোকজনকে বেঁধে রেখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এলাকার কয়েকজন জানান, রোববার দিনগত রাত দুইটার দিকে ২০-২২ জন মুখোশধারী ডাকাত প্রথমে দৌলতদিয়া ইউনিয়নের গেন্দু ব্যাপারী পাড়ার মান্নান শেখের বাড়িতে ঢোকে। ডাকাতেরা আলমারি খুলে ২১ হাজার টাকা, স্বর্ণের চেইন, বালা ও একটি মুঠোফোন নিয়ে যায়। এরপর ডাকাতেরা মান্নানের ভাই মাইনদ্দিন শেখের ঘরে ঢুকে ৮২ হাজার টাকা, সোনার চেইন ও দুটি মুঠোফোন নিয়ে যায়। এ সময় প্রতিবেশী নান্নু শেখ হামেদ ফকির, জাহাঙ্গীর ও জামাল ফকির এগিয়ে এলে ডাকাতেরা তাঁদের মারধর করে পার্শ্ববর্তী উজানচর ইউনিয়নের চর ফকিরাবাদে চলে যায়। সেখানে আহাম্মদ শেখের বাড়ির সবাইকে বেঁধে রেখে তাঁর ছেলে রমজানের ঘর থেকে ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার এবং ছাত্তার শেখের ঘর থেকে ১১ হাজার টাকা ও একটি সোনার চেইন নিয়ে যায়। একই সময় ডাকাতেরা প্রতিবেশী মুন্নাফ শেখের বাড়ি থেকে পাঁচ ভরি ওজনের সোনার চেইন ও ২১ হাজার টাকা লুট করে।
এরপর ডাকাতেরা ছোরাপ শেখের বাড়িতে ঢুকে লোকজনকে বেঁধে ফেলার সময় মসজিদের মাইকে এলাকায় ডাকাত পড়েছে বলে ঘোষণা দিলে গ্রামবাসী জড়ো হতে থাকেন। পরে ডাকাতেরা দ্রুত পালিয়ে যায়। গোয়ালন্দঘাট থানার ওসি আবুল বাসার জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।