গোয়ালন্দে এসআইসহ পাঁচ পুলিশ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার এক উপপরিদর্শকসহ (এসআই) পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হেরোইন উদ্ধারের পর তা দেরিতে থানায় জমা দেওয়া এবং দায়িত্ব পালনে অবহেলা করার অভিযোগে গত বুধবার তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়।যাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে, তাঁরা হলেন গোয়ালন্দ ঘাট থানার এসআই অলোক কুমার ঘোষ এবং ওই থানার কনস্টেবল মির্জা মোশাররফ হোসেন, গোলজার হোসেন, সোনা মিয়া ও ইমরান চৌধুরী।গোয়ালন্দ ঘাট থানা ও অন্যান্য সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত তিনটায় গোয়ালন্দ ঘাট থানার এসআই অলোক কুমারসহ পুলিশের পাঁচ সদস্য দৌলতদিয়া কফিল উদ্দিন ফিলিং স্টেশনের সামনে থেকে এক পথচারীকে সন্দেহজনকভাবে আটক করেন এবং তাঁর দেহ তল্লাশি করে ৫০০ গ্রাম ওজনের হেরোইনের একটি প্যাকেট উদ্ধার করেন। এ সময় ওই পথচারী দৌড়ে পালিয়ে যান। পরে তাঁরা থানায় ফিরে এলেও আটক করা হেরোইন জমা দেননি।গোয়ালন্দ ঘাট থানা সূত্রে আরও জানা গেছে, বিশ্বস্ত সূত্রে রাজবাড়ীর পুলিশ সুপার হেরোইন ও মাদক ব্যবসায়ীকে আটক করার এবং পরের ঘটনাগুলো জানতে পারেন। পরে তাঁর নির্দেশে এসআই অলোক কুমার পরদিন রাতেই থানার কোষাগারে আটক করা হেরোইন জমা দেন। ওই রাতেই দেরিতে থানার কোষাগারে তা জমা দেওয়া এবং আটক করা আসামি পালিয়ে যাওয়ায় পুলিশ সুপারের নির্দেশে তাঁদের রাজবাড়ী পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীনূর হোসেন বলেন, বুধবার পুলিশ সুপার এস এম আইনুল বারীর নির্দেশে এসআই অলোক কুমারসহ পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।