গোয়ালন্দে কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গত বৃহস্পতিবার দৌলতদিয়া যৌনপল্লি থেকে এক কিশোরীকে (১৫) উদ্ধার করেছে। তাকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করানোর অভিযোগে মোমেনা বেগম নামের এক বাড়িওয়ালীকে গ্রেপ্তার করে পুলিশ।গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, ফরিদপুরের নগরকান্দা উপজেলার একটি গ্রামের দরিদ্র পরিবারের সন্তান ওই কিশোরী গত ১৬ মার্চ মায়ের সঙ্গে অভিমান করে ঢাকায় তার এক বান্ধবীর উদ্দেশে রওনা করে। পথিমধ্যে সন্ধ্যা হয়ে গেলে ওই দিন দৌলতদিয়া ঘাট এলাকায় পৌঁছে স্থানীয় এক অপরিচিত যুবকের কাছে ঢাকায় যাওয়ার সহজ পথ সম্পর্কে জানতে চায়। ওই যুবক ভালো চাকরি দেওয়ার কথা বলে তাকে দৌলতদিয়া যৌনপল্লির বাড়িওয়ালী মোমেনা বেগমের কাছে বিক্রি করে দেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে নগরকান্দা উপজেলার পরিচিত এক যুবক খদ্দের হিসেবে ওই কিশোরীর ঘরে গেলে সে বিস্তারিত ঘটনা জানায়। কিশোরীর মাকে বিষয়টি অবগত করেন ওই যুবক। কিশোরীর মা বৃহস্পতিবার গোয়ালন্দ ঘাট থানায় এসে জানালে বেলা একটার দিকে কিশোরীকে উদ্ধার করা হয়। একই সঙ্গে জোরপূর্বক দেহ ব্যবসা করানোর অভিযোগে মোমেনা বেগমকেও গ্রেপ্তার করা হয়।