গোয়ালন্দে কৃষিজমিতে বালুর চর, ফসল আবাদ ব্যাহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নদীভাঙন এলাকার আশপাশের ফসলি জমিতে বালুর চর পড়ায় ফসল আবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে গৃহস্থকে জমির উপরিভাগের বালু কেটে সরিয়ে দোআঁশ মাটি বের করতে হচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, উপজেলার দেবগ্রাম ইউনিয়নে পদ্মা নদীর পাশে মাঠের পর মাঠজুড়ে বালুর চর পড়ে আছে। স্থানীয় অনেক ব্যবসায়ী চরের জমির উপরিভাগের বালু কেটে ঘোড়ার গাড়িতে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন। এ ছাড়া তুলনামূলকভাবে যেখানে বালুর পরিমাণ কম, সেখানে গৃহস্থরা মিষ্টিকুমড়া, পটোলজাতীয় সবজি ও চিনাবাদাম লাগাচ্ছেন। অনেক এলাকায় কেউ কেউ বালুর নিচ থেকে মাটি তুলে বালুর ওপর ঢিবি তৈরি করছেন।
দেবগ্রাম ইউনিয়নের চর দেলন্দি, অন্তারমোড় এলাকার মাঠে বালু নিতে এসেছে কয়েকটি ঘোড়ার গাড়ি। গাড়ির চালক মোন্তাজ বিশ্বাস ও ইসমাইল শেখ জানান, তাঁরা এখান থেকে বালু বস্তায় ভরে রাজবাড়ী সদরের বরাট বাজারে নিয়ে যান। বিনিময়ে গাড়িপ্রতি ১২০ টাকা করে ভাড়া পান। প্রতিদিন দূরত্ব বুঝে তিন-চার গাড়ি বালু নেওয়া যায়। তাঁরা একযোগে মোট ১১ জন বালু নিচ্ছেন।
কৃষক ও গৃহস্থদের সঙ্গে কথা বলে জানা গেছে, নদীভাঙনে নিঃস্ব হওয়ার পর তাঁরা উপায় না পেয়ে বালু ব্যবসায়ীদের ডেকে বিনা পয়সায় জমির উপরিভাগ থেকে বালু সরিয়ে নিতে বলেছেন। আর ব্যবসায়ীরা এই বালু নিয়ে বিক্রি করছেন।
জমির মালিক আলাউদ্দিন মৃধা ও খায়রুল মণ্ডল জানান, এমনিতেই তাঁরা নদীভাঙনে নিঃস্ব। বর্তমানে যে জমিটুকু আছে, তাতে বালুর চর পড়ায় তাঁরা কিছুই চাষ করতে পারছেন না। মিষ্টিকুমড়া ও পটোল লাগানোর জন্য জমির ওপর থেকে অন্তত দু-তিন ফুট গভীর করে স্বাভাবিক মাটি বা টোআঁশ মাটি পাওয়ার পর ওই জমিতে ফসল বা সবজি রোপণ করা যাবে। এ জন্য কয়েকজন ব্যবসায়ীকে তাঁরা বলেছেন, ‘ভাই, তোমরা জমি থেকে বালু নিয়ে যাও, বিনিময়ে কোনো পয়সা দিতে হবে না।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতর আলী সরদার বলেন, নদীভাঙন এলাকার পাশ দিয়ে মাঠের পর মাঠজুড়ে বালুর চর পড়েছে। বিস্তীর্ণ এলাকার জমির ওপর দুই থেকে তিন ফুট করে বালুর চর পড়েছে।
উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মঞ্জুর রহমান বলেন, অতিমাত্রায় বালু পড়ায় দেবগ্রাম ইউনিয়নের অন্তত দুই শতাধিক বিঘা ফসলি জমি নষ্ট হয়েছে।