গোয়ালন্দে খেজুরের রস পান ও বিক্রি নিষিদ্ধ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় খেজুরের কাঁচা রস সেবন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। রাজবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যুর ঘটনার পর গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভায় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছরোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম তারিক, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। ইউএনও বলেন, সভায় সর্বসম্মতিক্রমে বুধবার থেকে উপজেলায় খেজুরের কাঁচা রস সেবন ও বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলায় মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হবে। তার পরও কেউ কাঁচা রস বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, খেজুরের রস পান করতে চাইলে অবশ্যই জ্বালিয়ে খেতে হবে। প্রতিবছর নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।