গোয়ালন্দে গুলিভর্তি পিস্তল ও ককটেলসহ চার তরুণ গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট টার্মিনাল ও যৌনপল্লির সামনে থেকে গত সোমবার পৃথক অভিযান চালিয়ে চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তাঁদের কাছ থেকে গুলিভর্তি পিস্তল ও ককটেল উদ্ধার করা হয়।পুলিশ সূত্র জানায়, গভীর রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ আহাদুজ্জামান আহাদ ওরফে মিরাজ নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। এদিকে সন্ধ্যায় দৌলতদিয়া যৌনপল্লির পাশ থেকে দুটি ককটেলসহ ইমরান প্রামাণিক, সমসের প্রামাণিক ও রাকিব প্রামাণিক নামের তিন তরুণকে গ্রেপ্তার করা হয়। তাঁদের প্রত্যেকের বাড়ি উত্তর দৌলতদিয়া হোসেন মণ্ডলপাড়ায়।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার জানান, পৃথক দুটি মামলায় ওই যুবকদের গতকাল রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।