গোয়ালন্দে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রাপেরডাঙ্গা এলাকা থেকে গত বৃহস্পতিবার হালিমুন আক্তার (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর পরিবারের অভিযোগ, তাঁকে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করার পর লাশ ঝুলিয়ে রেখেছে।নিহত হালিমুন আক্তার রাপেরডাঙ্গা এলাকার শাহাদাত ফকিরের স্ত্রী। ঘটনার পর থেকে তাঁর স্বামী, শ্বশুর রাজ্জাক ফকির ও পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছে।গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া লাগলে শাহাদাত তাঁর স্ত্রী হালিমুনকে মারধর করেন। এ ঘটনায় হালিমুন অভিমান করে আড়ার সঙ্গে রশি লাগিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঝুলন্ত অবস্থায় হালিমুনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহত হালিমুনের মা রাবেয়া বেগম অভিযোগ করেন, স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে তাঁর মেয়েকে হত্যা করেছে।পলাতক থাকায় গৃহবধূর স্বামী শাহাদাত হোসেনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।ঘটনাস্থলে যাওয়া গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক তোফাজ্জেল হোসেন জানান, নিহত ওই গৃহবধূর হাত, ঊরু ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া গেলে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হবে।