গোয়ালন্দে চরমপন্থী নেতাকে কুপিয়ে হত্যা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বেথুরী ঘাটে গত শনিবার রাতে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) নেতা কদম আলী সরদারকে (৬২) দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। ধারণা করা হচ্ছে, দলীয় কোন্দল ও ঘাটের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত কদমের বাড়ি উপজেলার বেথুরী গ্রামে।নিহত কদমের ছেলে সজিব হোসেন দাবি করেন, তাঁর বাবা একসময় সর্বহারা পার্টির সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরে তিনি এসব কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসেন। তিনি বলেন, ঘাট দখলে নিতেই প্রতিপক্ষের লোকজন তাঁর বাবাকে হত্যা করেছে। গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস মুন্সি প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দল ও বেথুরী ঘাট দখলকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় নিহত কদমের ভাই সিদ্দিক সরদার বাদী হয়ে গতকাল অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।