গোয়ালন্দে চারা-সংকটে বোরো আবাদ ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারা-সংকটের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃষকেরা তাঁদের জমিতে বোরো আবাদ করতে পারছেন না। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে উপজেলার ২৫ হেক্টর জমির বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় ১৫৭ হেক্টর জমিতে বোরোর বীজতলা করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু উৎপাদন খরচ অনেক বেশি হওয়ায় ১৩৯ হেক্টর জমিতে বীজতলা করা হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে বীজতলা করায় এবং ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় চারার সংকট দেখা দিয়েছে। এবার উপজেলার দুই হাজার ৯৩৭ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতিমধ্যে কৃষকেরা প্রায় ১০০ হেক্টর জমিতে বোরো আবাদ করেছেন। উপজেলার নতুন পাড়ার কৃষক আবদুল মান্নান জানান, এ বছর তিনি দেড় বিঘা জমিতে বোরোর বীজতলা করেছেন। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে তাঁর বীজতলার এক-তৃতীয়াংশ চারা নষ্ট হয়ে গেছে। প্রয়োজনের তুলনায় কম হওয়ায় তিনি চারার জন্য বিভিন্ন স্থানে গিয়েছিলেন। কিন্তু কোথাও চারা পাননি। এ কারণে তিনি জমিতে বোরো আবাদ করতে পারছেন না।শহরের কুমড়াকান্দি গ্রামের কৃষক কামরুল ইসলাম জানান, প্রতিবছরই তিনি চার-পাঁচ বিঘা জমিতে বোরো আবাদ করেন। কিন্তু এ বছর বাজারে চারা না পাওয়ায় তিনি বোরো আবাদ শুরু করতে পারেননি।উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল হক ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের কারণে বীজতলা নষ্ট হওয়ার কথা স্বীকার করে জানান, বীজতলার চারা রক্ষা করার জন্য তিনি সরেজমিনে গিয়ে কৃষকদের নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। তিনি সন্ধ্যায় বীজতলা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া ও সকালে তা সরিয়ে ফেলা এবং চারার ওপর জমে থাকা শিশির রশি বা লাঠি দিয়ে ঝেড়ে ফেলার পরামর্শ দিচ্ছেন। চারা-সংকটের বিষয়ে তিনি জানান, এখনো কৃষকেরা তাঁদের জমিতে বীজতলা তৈরির কাজ শেষ করেননি। এ কাজ শেষ হলেই তাঁরা বাজারে চারা বিক্রির জন্য আনবেন। এ কারণে চারা পাওয়ার জন্য কৃষকদের অপেক্ষা করতে হবে।