গোয়ালন্দে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় সাদ্দাম সরদার (২৪) নামের ছাত্রদলের এক কর্মীকে গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হক জানান, সাদ্দাম উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন।
সাদ্দাম উপজেলার দৌলতদিয়া বাজার এলাকার সিদ্দিক সরদারের ছেলে। তিনি রাজবাড়ীর ডা. আবুল হোসেন কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
নিহত সাদ্দামের বড় ভাই লাবলু সরদারের ভাষ্য, গতকাল সন্ধ্যা সাতটার দিকে সাদ্দামকে বাড়ির সামনে থেকে স্থানীয় বাসিন্দা জামাল ডেকে নিয়ে যায়। অনেক দিন ধরে জামালের সঙ্গে সাদ্দামের সম্পর্ক ভালো ছিল না। বিষয়টি স্থানীয় লোকজনের কাছ থেকে জানার পর তিনি সাদ্দামের মুঠোফোনে ফোন করেও তাঁকে পাননি। রাত ১০টা পর্যন্ত সাদ্দাম বাড়ি না ফেরায় তাঁকে তাড়াতাড়ি ফেরার জন্য তিনি মোবাইল ফোনে খুদেবার্তা পাঠান। উত্তর না পেয়ে তিনি জামালের ফোন নম্বরে ফোন দেন। এ সময় উত্তেজিত সুরে জামাল জানান, সাদ্দাম কোথায় তা তিনি জানেন না। এর কিছুক্ষণ পর আবার চেষ্টা করে তিনি সাদ্দামের ফোন বন্ধ পান। এ ব্যাপারে জামালের বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ সকালে নদীর তীরে লাশ পড়ে থাকার খবর শুনে সাদ্দামের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে লাশটি শনাক্ত করেন।
গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। তিনি জানান, সাজ্জাদের মাথায় দুটি গুলি করে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। হত্যার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কিছু জানাতে পারেনি।