গোয়ালন্দে জলমহালে বিষ ঢেলে মাছ শিকার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বদ্ধ জলমহালে কয়েক দিন ধরে সেচ দিয়ে ও বিষ প্রয়োগ করে মাছ শিকার করা হচ্ছে। স্থানীয় প্রশাসন কয়েক দফা উদ্যোগ নিয়েও এভাবে মাছ ধরা বন্ধ করতে পারছে না। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বছর দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের জলমহালে বাঁধ দিয়ে দক্ষিণ উজানচর মৎস্য সমবায় সমিতির নামে স্থানীয় একটি চক্র মাছ ছাড়ে। তারা বাঁধ দিয়ে জলমহালটি কয়েকটি ভাগে ভাগ করে নিজেরা মাছ ছাড়ার পাশাপাশি কিছু অংশ ইজারাও দেয়। জলমহাল থেকে প্রথমে জাল দিয়ে মাছ ধরা হয়। এরপর সেচে পানি কমানোর পর পানিতে একধরনের বিষাক্ত বড়ি ও পাউডার প্রয়োগ করলে ছোট-বড় সব ধরনের মাছ দুর্বল হয়ে ভেসে ওঠে। এভাবে পানিতে বিষ প্রয়োগ করায় মাছের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ মরে যাচ্ছে। এতে পানিও দূষিত হচ্ছে। উজানচর গফুর মন্ডলপাড়া এলাকায় জলমহালে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগ পেয়ে ১৫ মে উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তাঁদের উপস্থিতি টের পেয়ে মৎস্য শিকারিরা পালিয়ে যান। পরে তিনি জলমহালে বিষ প্রয়োগের অভিযোগে স্থানীয় এলাহী শেখ, শরীফ শেখ, ছলিম শেখ ও সিরাজ গায়েনের নামে সতর্কতামূলক নোটিশ দেন। সমপ্রতি স্থানীয় সাংসদ কাজী কেরামত আলীর কাছে এলাকাবাসী অভিযোগ করলে তিনি দ্রুত জলমহাল থেকে বাঁধ অপসারণ, পানি সেচা ও বিষ প্রয়োগ বন্ধে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। নির্দেশনা পেয়ে উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা জলমহালে অভিযানে নামেন। বাহাদুরপুর এলাকার একটি বাঁধ অপসারণ করার পর অন্যান্য বাঁধের লোকজন এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করলে তাঁরা অভিযান শেষ না করেই ফিরে যান। এর পর থেকে ওই চক্রের সদস্য এবং ইজারাদারেরা দ্রুত পানি সেচে এবং বিষ দিয়ে মাছ ধরা শুরু করেন। উজানচর ইউপির সদস্য এজাজ আহামেঞ্চদ বলেন, বিষ দিয়ে মাছ ধরায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে কথা বলতে এলাকায় গিয়ে তাঁদের পাওয়া যায়নি। উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান বলেন, ‘নদী-জলাশয়ে সেচ দিয়ে বা বিষ দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা একাধিকবার অভিযান চালালেও আগেভাগে খবর পেয়ে তাঁরা পালিয়ে যান। তার পরও অভিযুক্তদের নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে।’ ইউএনও ছরোয়ার হোসেন বলেন, জলমহালে অভিযান চালানোর ক্ষেত্রে এলাকাবাসীর সহযোগিতা লাগবে।