গোয়ালন্দে জেলেদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে খাস খতিয়ানভুক্ত উজানচরের জলাশয়টি প্রকৃত জেলেদের মধ্যে বন্দোবস্ত প্রদান ও এ জলাশয়ের অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানানো হয়েছে। এই দাবিতে স্থানীয় কয়েক শ জেলে শনিবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন। মানববন্ধনে অংশ নেওয়া জেলে আলতাফ মোল্লা, আইজদ্দিন সরদার, হারুনর রশিদ, মঙ্গল সরদার, ফজলুর রহমান ও হরিপদ হালদার জানান, গত জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনের আগে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী ও উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী অঙ্গীকার করেছিলেন তাঁরা নির্বাচিত হলে জলমহালটি সাধারণ জেলেদের জন্য উন্মুক্ত করে দেবেন। কিন্তু এখন এটি সরকারি দল ও বিএনপির স্থানীয় প্রভাবশালী কয়েকজন নেতা-কর্মী অবৈধভাবে দখল করে রেখেছেন। তাঁদের অনুমতি ছাড়া নদীতে নামলে মারধরসহ জাল ও নৌকা কেড়ে নেয়া হয়। এ ছাড়া ধরা মাছ বিক্রির অর্ধেক টাকা তাঁরা জোরপূর্বক নিয়ে নেন। উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী বলেন, ‘নির্বাচনের আগে জলাশয়টি উন্মুক্ত করে দেওয়ার জন্য কয়েকটি নির্বাচনী জনসভায় সাংসদ ও আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিশ্রুতি অনুযায়ী চেষ্টাও করছি। জেলেদের দাবি-দাওয়ার সঙ্গে আমিও একমত পোষণ করছি।’