গোয়ালন্দে জোড়া খুনের অভিযোগে আরও দুজন গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য দুই কিশোরকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আল আমিন নামের একজন গত বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।গ্রেপ্তার হওয়া দুজন হলেন উপজেলার দক্ষিণ দৌলতদিয়া আইনাল মাতুব্বরপাড়ার হাছেন মোল্যার ছেলে আবু তালেব (১৯) এবং দরাপেরডাঙ্গী গ্রামের আ. রাজ্জাক ফকিরের ছেলে আল আমিন (১৭)। তালেবকে পুলিশ বুধবার রাতে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া রেলস্টেশন এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করে। আল আমিনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার রাতে। এর আগে রোববার ওই ঘটনায় উজানচর রিয়াজউদ্দিনপাড়ার সুলতান শেখকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি উপজেলার ওমেদ আলী সরদারপাড়ার হায়াত আলী প্রামাণিকের ছেলে আলিমকে শ্বাসরোধে হত্যা করা হয়। এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে রফিককে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়।এ ঘটনায় আলিমের বাবা হায়াত আলী প্রামাণিক গোয়ালন্দ ঘাট থানায় হত্যা মামলা করেন।