গোয়ালন্দে টেলিটকের সংযোগ বন্ধ নয় দিন
রাজবাড়ীর গোয়ালন্দে নয় দিন ধরে টেলিটকের সংযোগ নয় দিন ধরে বিকল রয়েছে। এ ছাড়া ২৫৬টি টেলিফোন লাইন বন্ধ রয়েছে কয়েক বছর ধরে।গোয়ালন্দ ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ অফিস জানায়, ৪ এপ্রিল সন্ধ্যার দিকে ঝড়ের সময় বজ্রপাত হলে ওই কার্যালয়ের ওপর নির্মিত টেলিটক টাওয়ারের মাইক্রোওয়েভ লিংক বিকল হয়ে পড়ে। এরপর থেকে বিকল হয়ে যায় টেলিটকের নেটওয়ার্ক। এদিকে গোয়ালন্দ থেকে দৌলতদিয়া ও খানখানাপুর পর্যন্ত ৩০ পিয়ারের কেব্লটি চার বছর ধরে এবং গোয়ালন্দ বাজার থেকে পৌরসভার বদিউজ্জামান ব্যাপারিপাড়া (বাহাদুরপুর) পর্যন্ত ১০ পিয়ারের কেব্লটিও পাঁচ বছর ধরে নষ্ট থাকায় এসব লাইনের অর্ধশতাধিক গ্রাহক টেলিফোন সার্ভিস থেকে বঞ্চিত। এতে গ্রাহকেরা ভোগান্তিতে রয়েছেন। এতে সরকার বঞ্চিত হচ্ছে বিপুল অঙ্কের রাজস্ব আয় থেকে।খানখানাপুর মকবুলের দোকান এলাকার বাসিন্দা আলতাব হোসেন অভিযোগ করেন, চার বছর ধরে তাঁর টেলিফোন লাইন বন্ধ রয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর এখনো সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এক্সচেঞ্জ অফিসের অপারেটর জাহিদ হোসেন বলেন, দীর্ঘদিন এসব লাইন বন্ধ থাকায় গ্রাহকেরা নিয়মিত অভিযোগ নিয়ে আসেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।নেটওয়ার্ক অ্যান্ড অপারেশন টেলিটক ফরিদপুরের কর্মকর্তা বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন, বজ্রপাতের কারণে রাজবাড়ী থেকে গোয়ালন্দের টেলিটক লাইনের মাইক্রোওয়েভ লিংক ফল্ট বা বিকল হওয়ায় স্থানীয়ভাবে গ্রাহক নেটওয়ার্ক সার্ভিস বিকল রয়েছে।