গোয়ালন্দে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ট্রেনে কাটা পড়ে আল্লা রাখা মালিথা (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে গোয়ালন্দ বাজার রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার পারকোলা গ্রামে।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, শুক্রবার সকালে বাড়ি ফেরার জন্য গোয়ালন্দ বাজার স্টেশনে একটি চায়ের দোকানে অপেক্ষা করছিলেন আল্লা রাখা। সকাল সোয়া সাতটার দিকে একটি ট্রেন স্টেশনে পৌঁছার সময় টের না পেয়ে তিনি রেললাইন পার হচ্ছিলেন। আশপাশের লোকজন চিৎকার করে তাঁকে সতর্ক করছিলেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তিনি ট্রেনের নিচে কাটা পড়েন। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।আল্লা রাখার সঙ্গে আসা তিন ব্যক্তি জানান, নিহত ব্যক্তি পাঁপড় বিক্রি করে সংসার চালাতেন। দীর্ঘদিন ধরে হাঁপানি রোগে ভুগছিলেন তিনি। ওষুধ নেওয়ার জন্য তাঁরা চারজন গোয়ালন্দে আসেন। শুক্রবার ওই ট্রেনেই বাড়ি ফেরার জন্য স্টেশনে সবাই অপেক্ষা করছিলেন। আল্লা রাখা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।