গোয়ালন্দে ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বর্ষা মৌসুমের শুরু থেকেই ডায়রিয়া, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে চরাঞ্চলে এসব রোগের প্রকোপ বেশি।গত মাসে প্রায় এক হাজার লোককে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে এবং প্রায় ২০০ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার হাসপাতাল ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ডায়রিয়া, জ্বর ও ঠান্ডায় আক্রান্ত শিশু রোগীর চাপ পড়েছে। এসব রোগে আক্রান্ত ৫৯ জন ওই দিন হাসপাতালে ভর্তি হয়েছে। দৌলতদিয়া গেন্দু বেপারিপাড়া থেকে দেড় বছরের ছেলের জ্বরের চিকিৎসা নিতে এসেছেন তোফাজ্জল মোল্লা। তিনি বলেন, এলাকার প্রায় সব বাড়িতেই দুই-একজন করে রোগে ভুগছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহমেঞ্চদ আল মারুফ জানান, ঋতু পরিবর্তনের কারণে কিছুদিন ধরে সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এর মধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। দিনের বেলায় অস্বাভাবিক গরম পড়ায় মানুষ অসুস্থ হচ্ছে।এ ছাড়া গত মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে ৪৪৫ জন। ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৫৫ জন। নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ৪৪০ জন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা কে এম তারিক বলেন, ‘বর্ষা মৌসুমের শুরু থেকে প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে চরাঞ্চল থেকে ডায়রিয়া, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়ার হার বাড়ছে। হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রতিদিন গড়ে ১০০ জন করে নিউমোনিয়া, ডায়রিয়া ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করি, বর্ষা শেষ হলেই সার্বিক পরিস্থিতির উন্নতি হবে।’