গোয়ালন্দে ডায়রিয়ার প্রকোপ
রাজবাড়ীর গোয়ালন্দে এক সপ্তাহ ধরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব অনুযায়ী, গতকাল রোববার পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।সরেজমিনে দেখা গেছে, পুরুষ ওয়ার্ডে পুরুষদের পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত নারীরাও চিকিৎসা নিচ্ছে। বারান্দায় চিকিৎসাধীন উজানচর জামতলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম শেখ জানান, শনিবার রাতে তিনি ডায়রিয়ায় আক্রান্ত হলে গতকাল ভোরে হাসপাতালে ভর্তি হন। ওয়ার্ডে জায়গা না পাওয়ায় বারান্দার মেঝেতেই চিকিৎসা নেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম জানান, বছরের এই মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ডায়রিয়ার লক্ষণ দেখা দেয় বেশি। এ জন্য সবাইকে সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। বাইরের যেকোনো বাসি, খোলা খাবার খাওয়া এবং পুকুর বা নদীর পানি পান করা যাবে না।