গোয়ালন্দে দাহ্য পদার্থবোঝাই ট্রাকে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিদগ্ধ ট্রাকের আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৮ ডিসেম্বর। ছবি: প্রথম আলো
অগ্নিদগ্ধ ট্রাকের আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। গোয়ালন্দ, রাজবাড়ী, ১৮ ডিসেম্বর। ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে দাহ্য পদার্থবোঝাই একটি ট্রাকে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে পারাপারের অপেক্ষায় থাকা একটি ট্রাকে এ ঘটনা ঘটে। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা।

অগ্নিদগ্ধ হওয়া ট্রাকচালক কিশোর কুমার দাস জানান, গত বৃহস্পতিবার তিনি ফরিদপুরের কানাইপুর থেকে ব্যাটারি তৈরির কাঁচামাল এবং বোয়ালমারী থেকে পাটকাঠির ছাই বোঝাই করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। ওই দিন সন্ধ্যায় গোয়ালন্দ মোড় এলাকায় অন্যান্য ট্রাকের সঙ্গে তাঁর ট্রাকটি সিরিয়ালে আটকে পড়ে। আজ সোমবার সকাল নয়টার দিকে তাঁর সহকারী সাইফুল ইসলাম ট্রাকের ওপর বোঝাই মালের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। এ সময় তিনি সেখানে উপস্থিত অন্য ট্রাকচালকদের সহযোগিতায় দ্রুত টার্মিনাল থেকে ট্রাকটি বের করে ফেরিঘাট বিকল্প সড়কের ফাঁকা জায়গায় নিয়ে যান। ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করে। তখন প্রাথমিকভাবে কয়েকজন গাড়িচালক ও সহকারী ট্রাকের ওপর থাকা পাটকাঠির ছাই বোঝাই বস্তা পাশে ফেলে দেন। কিন্তু তাতেও আগুন নিয়ন্ত্রণে না এসে আরও বাড়তে থাকে। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের ইউনিট প্রধান পারভেজ আক্তার চৌধুরী জানান, ট্রাকের মধ্যে পাটকাঠির ছাইসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশি সময় লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো নাশকতা নয়, দাহ্য পদার্থ দীর্ঘ সময় ট্রাকে বোঝাই থাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।