ওয়ার্ড বিভক্তকরণ ও সীমানা জটিলতার কারণে এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় পর্যায়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের নির্বাচন হচ্ছে না।
চেয়ারম্যানদের আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ-সংক্রান্ত কমিটি গঠন করেছেন। নির্বাচন না হওয়ায় আগ্রহী অনেক প্রার্থী হতাশা প্রকাশ করেছেন।
ইউএনও এবং নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ফেব্রুয়ারি উপজেলার দেবগ্রাম ইউপি চেয়ারম্যান আতর আলী সরদার লিখিত আবেদনে জানান ২০১১ থেকে ২০১৪ সালের নদীভাঙনে ২, ৩ ও ৫ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ এবং ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের আংশিক বিলীন হয়ে যায়। ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দা পাশের ওয়ার্ড বা ইউনিয়নে বসবাস করছেন। এ ছাড়া বিদ্যালয়গুলো সরিয়ে নেওয়ায় ভোটকেন্দ্র করা সম্ভব হচ্ছে না। সরকারি বিধানমতে, একটি ওয়ার্ডে দুই-তিনটি ভোটকেন্দ্র করার বিধান নেই। এ কারণে তিনি দ্রুত ওয়ার্ড পুনর্নির্ধারণ ও সীমানা বিভাজনে ইউএনওর কাছে আবেদন করেন।
এ ছাড়া দৌলতদিয়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা নদীগর্ভে বিলীন হওয়ায় লোকজন অন্যত্র চলে গেছে। গত বছর ১৯ নভেম্বর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল ওয়ার্ড বিভক্তকরণের প্রয়োজন জানিয়ে ইউএনওর কাছে আবেদন করেন।
ইউএনও পঙ্কজ ঘোষ জানান, দেবগ্রাম এবং দৌলতদিয়া ইউপি চেয়ারম্যানের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩ মার্চ স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক সৈয়দা নওশীন পর্ণিনী স্থানীয় সরকার বিধিমোতাবেক সীমানা নির্ধারণ কর্মকর্তা ও সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ দিয়ে জরুরি ভিত্তিতে প্রতিবেদন দাখিল করতে বলেন। এর পরিপ্রেক্ষিতে ৯ মার্চ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরিফুর রহমানকে দৌলতদিয়ার সীমানা নির্ধারণ কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমকে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। দেবগ্রামের জন্য সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে উপজেলা সমবায় কর্মকর্তা বি এম নজরুল হুদা ও সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ আনসার আলীকে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পাওয়া ব্যক্তিদের স্থানীয় সরকার আইন-২০০৯ এর ১৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দ্রুত কাজ সম্পাদন করতে বলা হয়েছে।
নির্বাচন না হওয়ায় সম্ভাব্য একাধিক চেয়ারম্যান প্রার্থী ক্ষোভ প্রকাশ করেন। দেবগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান এবং সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজুল ইসলাম বলেন, বর্তমান চেয়ারম্যান আতর আলী সরদার ওয়ার্ড বিভক্তিকরণ ও সীমানা জটিলতা দেখিয়ে আবেদনপত্রে উল্লেখ করেন ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনটি ওয়ার্ড সম্পূর্ণ ও দুটি ওয়ার্ড আংশিক নদীগর্ভে বিলীন হয়েছে। এত দিন আবেদন না করে ঠিক তফসিল ঘোষণার সময় এমন আবেদন করা মানে নির্বাচন বানচাল করা। বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখা দরকার বলে মনে করেন তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিয়ার রহমান জানান, উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়া ছাড়া বাকি উজানচর ও ছোটভাকলা ইউপি নির্বাচন যথারীতি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৭ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ২৯-৩০ মার্চ মনোনয়নপত্র বাছাই, আগামী ৬ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ২৩ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।