গোয়ালন্দে দুই কিশোরী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে গত শনিবার পুলিশ এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে। একই দিন পুলিশ গোয়ালন্দ রেলস্টেশন থেকে এক কিশোরীকে উদ্ধার করে। মাদ্রাসাছাত্রীকে দিয়ে দেহব্যবসা করানো এবং ওই কিশোরীকে ফুসলিয়ে আনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার মিরপুরের একটি মাদ্রাসার নবম শ্রেণীর ওই ছাত্রী (১৬) গত ১৫ অক্টোবর মায়ের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়। মোহাম্মদপুরে এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে ইমন (২৮) নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। সমস্যার কথা শুনে চাকরি দেওয়ার কথা বলে ইমন তাকে প্রথমে একটি বাসায় রাখেন এবং পরদিন দৌলতদিয়া যৌনপল্লিতে এনে এক বাড়িওয়ালির কাছে বিক্রি করে দেন। ওই বাড়িওয়ালি তাকে জোরপূর্বক দেহব্যবসা করতে বাধ্য করেন।
মাদ্রাসাছাত্রী আরও জানায়, গত বৃহস্পতিবার এক যুবক ওই বাড়িতে এলে সে তাকে উদ্ধারের অনুরোধ জানায়। পরদিন ওই যুবক ছাত্রীটির বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবাকে জানান। ছাত্রীর বাবা শনিবার গোয়ালন্দঘাট থানার পুলিশকে বিষয়টি জানান। বিকেল সাড়ে পাঁচটার দিকে যৌনপল্লির নাজমার বাড়ি থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় পুলিশ নাজমা বেগম (৪০) ও ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দড়িহরিপুর গ্রামের ইমদাদুল হককে (২৪) গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকা থেকে পুলিশ এক তরুণীকে (১৮) উদ্ধার করেছে। এ সময় পুলিশ ওই তরুণীর কথিত প্রেমিক সাভারের ছায়াবীথি গ্রামের আশরাফুল ইসলাম (২২) ও তাঁর বন্ধু টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গল্লি গ্রামের সাগর হোসেনকে (২৮) গ্রেপ্তার করে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, গ্রেপ্তার হওয়া চারজনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করা হয়েছে। তাঁদের গতকাল রোববার আদালতে পাঠানো হয়েছে।