গোয়ালন্দে দুই ঘণ্টায় কুকুরের কামড়ে শিশুসহ ১৮ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন না থাকায় বিপাকে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। গতকাল শনিবার মাত্র দুই ঘণ্টার ব্যবধানে পাগলা কুকুরের কামড়ে ১৮ জনের মতো আহত হন। এর মধ্যে উপজেলা হাসপাতালে এলে ১০ জনকে ফরিদপুর ও রাজবাড়ীতে স্থানান্তর করা হয়।

কর্তৃপক্ষ বলছে, উপজেলা পর্যায়ে হাসপাতালে জলাতঙ্কের কোনো ভ্যাকসিন বরাদ্দ থাকে না। এতে করে সামর্থ্য না থাকায় অনেককে বিপাকে পড়তে হয়েছে।

গতকাল বেলা ১১টার দিকে বাড়ির সামনে খেলা করার সময় একটি পাগলা কুকুর শাহরুখ সরদার (৬) নামের এক শিশুকে কামড়ায়। এতে শিশুটির শরীরের পেছনের কয়েকটি স্থানে জখম হয়। উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের দিনমজুর শাহিন সরদারের ছেলে শাহরুখকে দ্রুত আনা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরুল ইসলাম তাকে রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করেন।

শাহিন সরদার বলেন, ‘আমি দিনমজুর মানুষ, এখন বাচ্চারে কই নিয়ে যাব। ডাক্তার বলছে হাসপাতালে কোনো ভ্যাকসিন নাই। ফরিদপুর বা রাজবাড়ী যাওয়ার পরামর্শ দিছে। এত টাকা দিয়ে ভ্যাকসিন কিনার সামর্থ্য আমার নাই।’

এরপর পৌরসভার বদিউজ্জামান ব্যাপারী পাড়া থেকে শিশুশ্রেণির ছাত্র মাহমুদ হাসানকে (৭) হাসপাতালে নিয়ে আসেন বাবা মঞ্জুরুল আলম। তিনি বলেন, স্কুলভ্যান থেকে নেমে বাড়িতে ঢোকার সময় একটি কুকুর শিশুটির পায়ে কামড় দেয়। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা সাফ জানিয়ে দেন জলাতঙ্কের ভ্যাকসিন নেই। তাঁরা মাহমুদকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

হাসপাতালে আসা এসব পরিবারের বর্ননামতে, গোয়ালন্দ পৌরসভা ও আশপাশ এলাকায় ধাওয়া খেয়ে পালানোর সময় একটি পাগলা কুকুর ১৮ জনের মতো নারী-পুরুষ ও শিশুকে কামড় দিয়েছে। এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে আনা হলেও বাকিরা নিজে থেকে রাজবাড়ী ও ফরিদপুর গেছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরুল ইসলাম বলেন, দুপুর পৌনে ১২টা থেকে সোয়া ২টা পর্যন্ত কুকুরের কামড়ের শিকার হওয়া ১০ জনকে হাসপাতালে আনা হয়। তাঁরা হলেন পৌরসভার বদিউজ্জামান ব্যাপারী পাড়ার মাহমুদ হাসান (৭), কুমড়াকান্দি গ্রামের স্কুলছাত্রী সুমি আকতার (২০), হাউলি কেউটিল গ্রামের রেশমি (৫), ইবাদ আলী মিস্ত্রি পাড়ার রাসেল মণ্ডল (২৮), ছোট ভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের শাহরুখ সরদার (৬), উজানচর ইউনিয়নের কছিমদ্দিন সরদার পাড়ার সবিতা (৩৫), শ্রীদাম দত্ত পাড়ার শাহেদা (৪০), বালিয়াডাঙ্গা গ্রামের শহীদ শেখ (৪৫), জৈনদ্দিন সরদার পাড়ার স্কুলছাত্রী অন্তরা (১৩) ও জতিন বদ্দির পাড়ার জহুরুল ইসলাম (২৪)।

রাজবাড়ী সিভিল সার্জন রহিম বক্স বলেন,‘ উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন বরাদ্দ থাকে না।’