গোয়ালন্দে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল শনিবার রাতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হন। দুমড়ে-মুচড়ে যায় একটি বাসের সামনের অংশ। ছবি: এম. রাশেদুল হক
রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল শনিবার রাতে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হন। দুমড়ে-মুচড়ে যায় একটি বাসের সামনের অংশ। ছবি: এম. রাশেদুল হক

রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল শনিবার গভীর রাতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন। উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দিবাগত রাত সোয়া একটার দিকে গোয়ালন্দ পৌরসভার কাছে ঢাকা থেকে খুলনাগামী দিগন্ত পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। হানিফ পরিবহনের বাসটি ছিটকে পাশের দেওয়ানপাড়া খাদে পড়ে যায় এবং দিগন্ত পরিবহনের বাসটি মহাসড়কে আড়াআড়ি হয়ে পড়ে থাকে।

খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা-পুলিশ ও গোয়ালন্দ মোড় হাইওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দিগন্ত পরিবহনের বাসটিকে টেনে মহাসড়কের এক পাশে নেয়। এতে প্রায় পৌনে এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয় লোকজন বাস থেকে আহত অবস্থায় যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। দিগন্ত পরিবহনের চালক আবদুল হালিম ও হানিফ পরিবহনের চালক হারুনকে বাসের সামনের অংশ কেটে বের করা হয়।

ঘটনাস্থলে মারা যান দিগন্ত পরিবহনের চালক আবদুল হালিম (৩৫)। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে এই বাসের এক যাত্রীর মৃত্যু হয়। তবে তাঁর নাম-পরিচয় জানা যায়নি।

আহত যাত্রীদের মধ্যে অন্তত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম জানান, ‘বর্তমানে বাস দুটিকে আমরা দেখে রাখছি। এ ব্যাপারে কেউ মামলা করলে মামলা হবে, নতুবা আমরাই করব।’