ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রতিবছর কয়েক কোটি টাকার সম্পদ পুড়ে যাচ্ছে। গত দুই মাসে আটটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন থেকে রক্ষা পেতে গত শুক্রবার দৌলতদিয়ার ব্যবসায়ীরা দোয়া মাহফিলের আয়োজন করেন। ফায়ার সার্ভিস স্টেশন না দিলে আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই মাসে আটটি অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০টি পরিবারের ৪৩টি ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানসহ প্রায় তিন কোটি টাকার সম্পদ পুড়ে গেছে। সর্বশেষ রোববার রাতে গোয়ালন্দ পৌরসভার কুমড়াকান্দি মল্লিকপাড়ায় আগুন লেগে ১০টি পরিবারের প্রায় অর্ধকোটি টাকার সম্পদ পুড়ে যায়। এ ছাড়া ওই দিন সন্ধ্যায় উপজেলার উজানচর বাহাদুরপুর গ্রামে আগুনে দুটি ঘর পুড়ে গেছে।২০ মার্চ রাতে দৌলতদিয়া বাজারের বেবি বেগমের ছাগল পালনের ঘরে মশার কয়েল থেকে আগুন লেগে টুকু মণ্ডল ও আদু মৃধার মুদিখানার তিনটি দোকানসহ প্রায় আট লাখ টাকার সম্পদ পুড়ে যায়। এর আগে ৪ মার্চ দৌলতদিয়া বাজারের হারেজ মোল্লার ব্যাটারি ও মাইকের দোকান থেকে আগুন লেগে ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ভাঙচুর ও আটজনকে মারধর করেন। তাঁরা গোয়ালন্দে একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবিতে বিক্ষোভ করেন।দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল জানান, শুধু মার্চ মাসেই দৌলতদিয়ায় তিনটি অগ্নিকাণ্ডে দুই কোটি টাকার বেশি সম্পদ পুড়ে গেছে। এর আগে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের খোঁজ নিতে গেলে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলীকে ঘিরে ধরে এলাকাবাসী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানান, সাংসদ আশ্বাস দেন। দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন বসানো না হলে জনগণকে সঙ্গে নিয়ে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হবে। গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজাম জানান, দৌলতদিয়া ও গোয়ালন্দ প্রসিদ্ধ ব্যবসাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকা। এখান থেকে রাজবাড়ী শহরের দূরত্ব প্রায় ২৫ থেকে ২৬ কিলোমিটার। এসব এলাকায় আগুন লাগলে রাজবাড়ী থেকে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে যে সময় লাগে, ততক্ষণে সব পুড়ে শেষ হয়ে যায়। সাংসদ কাজী কেরামত আলী বলেন, বিষয়টি একনেকে পাস হয়েছে। আশা করা যায়, এ বছরের মধ্যে গোয়ালন্দে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে।