গোয়ালন্দে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাটের কাছে আজ রোববার সন্ধ্যায় দুটি লঞ্চের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। ওই যাত্রীর নাম আবদুল হামিদ (৩৫)। এতে অন্তত ১৫ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দৌলতদিয়া লঞ্চঘাট ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাটুরিয়া ঘাট থেকে যাত্রীবোঝাই লঞ্চ এমভি রুনা দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে। বিপরীত দিকে দৌলতদিয়া ঘাট থেকে যাত্রী নামিয়ে দিয়ে এমভি পর্বত পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। লঞ্চ রুনা দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটের কাছে পৌঁছামাত্র অপর দিক থেকে আসা লঞ্চ পর্বতের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে লঞ্চ রুনার রেলিং ভেঙে কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। এঁদের মধ্যে আবদুল হামিদ নামের যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত ব্যক্তিরা স্থানীয় ক্লিনিকে চিকিত্সা নিয়েছেন।
দৌলতদিয়া লঞ্চ মালিক সমিতির তত্ত্বাবধায়ক নুরুল আনোয়ার জানান, রেলিংয়ে থাকা কুষ্টিয়া শহরের গড়াই গ্রামের আবদুল হামিদ নামের এক পরিবহন চালক ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।
এদিকে রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা কবির হোসেন প্রথম আলোকে জানান, খোঁজখবর নিয়ে প্রকৃত দোষী লঞ্চচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।