গোয়ালন্দে নিজ দোকান থেকে আ.লীগ নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াঘাটের নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফজলুর রহমান মোল্যা নামের এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে পুলিশ মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে।
ফজলুর রহমান আওয়ামী লীগের গোয়ালন্দ শহর শাখার সহসভাপতি ছিলেন। পুলিশ বলেছে, তাঁকে সোমবার দিবাগত রাতে কে বা কারা শ্বাস রোধ করে হত্যা করেছে বলে তাঁরা মনে করছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দৌলতদিয়াঘাট আঞ্জুমানে কাদেরিয়া খানকা পাক শরিফের প্রবেশপথের সামনে নিজের পাঁচ মিশালি পণ্যসামগ্রীর দোকানে (মেসার্স ফজলু স্টোর) কাজ শেষে প্রতিদিনের মতো সোমবার রাতে দোকানেই ঘুমান ফজলুর। আজ সকালে স্থানীয় লোকজন দোকানের একটি ঝাঁপ খোলা দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে তাঁরা ভেতরে উঁকি দিয়ে ফজলুর রহমানের লাশ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে থানার পুলিশ সাদা স্কচটেপ দিয়ে মুখ আটকানো অবস্থায় ফজলুরকে দেখতে পায়। পুলিশের দাবি, ফজলুরের গলায় শ্বাসরোধে হত্যার চিহ্ন পাওয়া গেছে।
এদিকে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (সার্কেল) কাজী আহসান হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে কয়েক শ গজ দূরেই দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি।
ফজলুর রহমানের ছেলে আলমগীর হোসেন খাদেম জানান, কয়েক দিন আগে তাঁর বাবা একটি জমি বিক্রি করেন। জমি বিক্রির এক লাখ টাকা দোকানেই ছিল। দুর্বৃত্তরা তাঁর বাবাকে হত্যা করলেও ওই টাকা নেয়নি। এতে তাঁদের কাছে বিষয়টি আরও রহস্যজনক মনে হচ্ছে।
আওয়ামী লীগের গোয়ালন্দ শহর শাখার সাধারণ সম্পাদক আতিকুজ্জামান জানান, ফজলুর রহমান মোল্যা আওয়ামী লীগের শহর শাখার সহসভাপতি। তিনি একজন সাদামাটা মানুষ। রাতের অন্ধকারে কে বা কারা তাঁকে হত্যা করেছে। সুষ্ঠু তদন্ত করে হত্যার রহস্য উন্মোচন করা দরকার।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলের কারণে ফজলুর খুন হয়ে থাকতে পারেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ফজলুরের ছেলে আলমগীর হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলেও নিশ্চিত করেন আবুল বাসার।