গোয়ালন্দে পদ্মার ভাঙনে বিলীন হচ্ছে পাঁচটি গ্রাম
পদ্মা নদীর ভাঙনে হারিয়ে যাচ্ছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন। গত ১০ দিনে ইউনিয়নের পাঁচটি ওয়ার্ডের সাজাপুর, চর দেলন্দি, দেবগ্রাম, বেথুরী ও বাহির বেথুরী গ্রামের অধিকাংশ এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। বসতভিটা ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এলাকার লোকজন। ভাঙন প্রতিরোধে প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে।গতকাল মঙ্গলবার এলাকার বাসিন্দা ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, দেবগ্রাম ইউনিয়নের প্রায় এক-তৃতীয়াংশ এলাকা গত কয়েক বছরে বিলীন হয়ে গেছে। অবশিষ্ট এলাকার প্রায় অর্ধেক এই বছরের কয়েক দফা ভাঙনে বিলীন হয়েছে। ভাঙনের কারণে দেবগ্রাম ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইতিমধ্যেই পানিতে তলিয়ে গেছে। ২, ৩, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডেরও অধিকাংশ এলাকা নদীতে বিলীন হয়েছে। এভাবে চললে ৩ নম্বর ওয়ার্ডের পুরোটাই আগামী এক সপ্তাহে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেন বলেন, ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার বলা হয়েছে। তাঁরা এ ব্যাপারে অনেকটা উদাসীন বলে মনে হয়েছে। বিষয়টি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের মাসিক সমন্বয় সভায় তোলা হয়েছে।গতকাল দেবগ্রামের সাজাপুর, চর দেলন্দি ও দেবগ্রাম এলাকা ঘুরে দেখা গেছে, লোকজন ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন। অনেকেই ঘরবাড়ি নিতে নৌকা ভাড়া করে এনেছেন। কেউ কেউ তাঁদের শেষ সম্বল গাছ কেটে ফেলছেন। সাজাপুর গ্রামের আয়নাল সরদার (৭০) পদ্মার পাড়ে ভিটার একাংশের ওপর দাঁড়িয়ে বিলীন হয়ে যাওয়া জায়গা দেখান।স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, তাঁর ওয়ার্ডটি গত ১৫ দিনে অর্ধেক শেষ হয়ে গেছে। এভাবে আর এক সপ্তাহ ভাঙলে ওয়ার্ডের কোনো অস্তিত্বই থাকবে না। ভাঙন ঠেকাতে ও লোকজনকে আশ্রয় দিতে প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।সাজাপুর এলাকায় ভাঙনের মুখে রয়েছে চর বেতকা রেজি. প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজ উদ্দিন খান বলেন, যেভাবে বাড়িঘর, ফসলি জমি ভাঙছে, তাতে দু-এক দিনের মধ্যে বিদ্যালয়টিও নদীগর্ভে বিলীন হয়ে যাবে। দেবগ্রাম ইউপির চেয়ারম্যান আতর আলী সরদার জানান, ঈদের দুই দিন পর থেকে গত শুক্রবার পর্যন্ত তাঁর ইউনিয়নে প্রায় ৭০০ পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়েছে। শুক্রবারের পর থেকে গতকাল পর্যন্ত মাত্র চার দিনেই আরও প্রায় ৬০০ পরিবারের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। গতকাল ভাঙন এলাকা পরিদর্শন করেন স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী। তিনি প্রথম আলোকে বলেন, ভাঙন প্রতিরোধের ব্যাপারে জেলা সমন্বয় সভায় সবার সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ছাড়া জরুরিভাবে নৌকা, স্যানিটারি ল্যাট্রিন ও শুকনো খাবার এবং ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়া হবে।