গোয়ালন্দে পদ্মায় কুষ্টিয়ায় গড়াই নদে ভাঙন অব্যাহত
পানি বৃদ্ধির কারণে রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গড়াই নদের ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙনের কারণে গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের ৬২টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। কুমারখালীতে চারটি আবাসন এলাকায় অনেক স্থাপনা বিলীন হয়ে গেছে।গোয়ালন্দ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, দুই দিন আগে পানি কমতে থাকলেও শুক্রবার থেকে পদ্মা নদীর অববাহিকায় গোয়ালন্দ পয়েন্টে পানি বৃদ্ধি পেতে শুরু করে। গত ২৪ ঘণ্টায় চার সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দৌলতদিয়া ইউনিয়নের ইউপি সদস্য আবদুল মজিদ ফকির বলেন, তাঁর ওয়ার্ডের ফেরিঘাট এলাকা, বাহির চর, দৌলতদিয়া ও ছাত্তার মেম্বারের পাড়া এলাকায় তিন দিন ধরে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। এ পর্যন্ত এসব এলাকায় ৬২টি পরিবারের ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এসব এলাকার অন্তত ৩০ বিঘা জমি পদ্মায় বিলীন হয়ে গেছে। দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের একটি তালিকা তৈরি করা হয়েছে। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাসির উদ্দীন প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করতে উপজেলার সব ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। এখনো সব তালিকা পাওয়া যায়নি। তালিকা পাওয়ার পর বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে। কুষ্টিয়ার কুমারখালীতে চলতি বর্ষা মৌসুমে গড়াই নদের পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীরবর্তী আবাসন প্রকল্পগুলোতে ভাঙন প্রকট আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লালন-১, লালন-২, লালন-৩ ও লালন-৪ আবাসন প্রকল্প। এসব এলাকার অনেক নলকূপ, পায়খানাসহ বেশ কয়েকটি ঘর এরই মধ্যে গড়াইয়ে বিলীন হয়ে গেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। অনেকেই আবাসন ছেড়ে অন্যত্র চলে গেছে। আবাসনগুলোতে বসবাসকারীরা বলছে, গত কয়েক দিনের প্রবল বৃষ্টিতে নদের স্রোতে ভেসে গেছে গাছপালাসহ বেশ কয়েকটি ঘর। প্রতিদিনই পানিতে তলিয়ে যাচ্ছে আবাসনের কিছু অংশ। তাঁদের অভিযোগ, গড়াইয়ের চরে ২০০৭ সালে অপরিকল্পিতভাবে লালন-১, লালন-২, লালন-৩ ও লালন-৪ আবাসন প্রকল্পগুলো গড়ে তোলা হয়। গত বছর ভাঙনের কবলে পড়ে আবাসনগুলোর বেশ কিছু অংশ গড়াইয়ের গর্ভে বিলীন হয়ে যায়। এ বছর ভাঙন থেকে রক্ষা করার জন্য সরকার এক কোটি ৪৫ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিলেও কাজ হয়েছে নামমাত্র।