গোয়ালন্দে পুলিশকে লক্ষ্য করে ফের বোমা নিক্ষেপ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে কর্তব্যরত পুলিশকে লক্ষ্য করে ছিনতাকারীরা গত মঙ্গলবার রাতে দুই দফায় দুটি বোমা ছুড়েছে। লক্ষ্যভ্রষ্ট বোমাগুলো বিস্ফোরিত হলেও কেউ হতাহত হয়নি। গোয়ালন্দ থানা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ থেকে ফেরিঘাট এলাকার মধ্যে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় পুলিশের তৎপরতা বাড়ানো হয়। এতে ছিনতাইকারীরা বেকায়দায় পড়ে। মঙ্গলবার রাত ১১টার দিকে দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে টহল পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকারীরা একটি হাতবোমা নিক্ষেপ করে। খবর পেয়ে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান শুরু হলে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। রাত দেড়টার দিকে মডেল হাইস্কুলের অদূরে ক্যানেলঘাট এলাকায় টহল পুলিশকে লক্ষ্য করে ছিনতাইকারীরা আরেকটি বোমা ছোড়ে। দুটি বোমাই লক্ষ্যভ্রষ্ট হয়েছে; হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গত রোববার রাতে মডেল হাইস্কুলের সামনে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে একটি মাইক্রেবাসের চালক ও যাত্রীদের সর্বস্ব কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় চালক বাধা দিলে তারা তাঁকে কুপিয়ে জখম করে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় মহাসড়কে টহলরত গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ছিনতাইকারীদের ধাওয়া করলে তাঁকে লক্ষ্য করে ছিনতাইকারীরা একটি বোমা ছুড়ে পালিয়ে যায়। বোমা লক্ষ্যভ্রষ্ট হলেও আমিনুল মোটরসাইকেল থেকে পড়ে আহত হন। গত ১৯ জুলাই ভোরে দক্ষিণ কোরিয়া ফেরত চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার যুবক জাকির হোসেন মাইক্রোবাসে করে পরিবারের কয়েকজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। গোয়ালন্দ ঘাটে ফেরি থেকে নামার আগ মুহূর্তে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাঁদের কাছ থেকে আট লক্ষাধিক টাকার সমমূল্যের ডলার ও সাড়ে ছয় ভরি ওজনের সোনার চেইনসহ মালামাল ছিনিয়ে নেয়। পুলিশ এ ঘটনায় ওই দিন নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। রাজবাড়ীর পুলিশ সুপার রেজাউল হক বলেন, ঈদের আগে ছিনতাইকারীদের অপতৎপরতা বন্ধ করতে পুলিশের পাহারা জোরদার করা হয়েছে। এ ছাড়া ঘাট এলাকায় মহাসড়কের ফাঁকা স্থানগুলোতে আলোর ব্যবস্থা করায় যারা এ ধরনের অপকর্মে জড়িত তাঁদের অসুবিধা হচ্ছে। এ কারণে পুলিশের মধ্যে ভীতি সৃষ্টির জন্য পটকা জাতীয় হাতবোমার বিষ্ফোরণ ঘটানো হচ্ছে। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রতিহত করতে পুলিশ প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।