গোয়ালন্দে ফেরিতে আগুন, ক্ষতি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী রো রো ফেরি কেরামত আলীর কার্বন নির্বাপণের পাইপে গত বুধবার রাত ১২টার দিকে আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো হয়। তবে কোনো ক্ষতি হয়নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. আশরাফ উল্লাহ খান জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ফেরি কেরামত আলী যানবাহন নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে এসে পৌঁছে। এ সময় ঘাটে যানবাহন লোড নিয়ে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার প্রস্তুতি মুহূর্তে হঠাৎ ফেরির বাম পাশের অ্যাডজাস্টমেন্ট (সাইলেন্স) পাইপের কার্বন ঠিকমতো নির্গমন হতে না পেরে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে ফেরির সব গাড়ি আনলোড করে দিয়ে ফেরিতে সংরক্ষিত পানি দিয়ে স্টাফরা আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত একটার দিকে আগুন নেভাতে সক্ষম হন তাঁরা।