গোয়ালন্দে বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষক, দিনমজুরসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া একজন গুরুতর আহত হয়েছেন।
নিহত তিনজন হলেন উপজেলার ছোটভাকলা ইউনিয়নের পশ্চিম নলডুবি গ্রামের আবু বক্কর শেখ (৪৫), লাল মিয়া মণ্ডল (৪৫) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কছিন কাকনা গ্রামের আবুল শিকদার (৩৫)। আহত ব্যক্তি হচ্ছেন উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বালিয়াকান্দি গ্রামের হায়দার প্রামাণিক (৩০)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রাজীব দে সরকার জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে আবু বক্কর, লাল মিয়া ও আবুল শিকদারকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তাঁদের মধ্যে লাল মিয়ার মাথার চুল ও বুকের অধিকাংশ স্থান পোড়া ছিল। এ ছাড়া ওই সময় অচেতন অবস্থায় হায়দার প্রামাণিককে আনা হলে তাঁকে দ্রুত জরুরি চিকিৎসা দেওয়া হয়। কিছুক্ষণ পর তাঁর জ্ঞান ফিরে এলে তিনি হাসপাতাল থেকে দৌড়ে পালিয়ে যান।