গোয়ালন্দে বসতঘর ও কলাপাড়ায় ১২টি দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতুব্বর পাড়ায় গত রোববার রাতে আগুন লেগে জাহিদ হাসান মোল্লা নামের এক গাড়িচালকের দুটি বসতঘর পুড়ে গেছে। ঘর থেকে ঘুমন্ত শিশুসন্তানকে বাঁচাতে গিয়ে জাহিদ হাসান নিজে অগ্নিদগ্ধ হয়ে এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একই রাতে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, রোববার দিবাগত রাত ১০টার দিকে রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন ব্যক্তিগত গাড়ির চালক জাহিদ হাসান মোল্লা (৩৫)। হঠাৎ রেফ্রিজারেটরের বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তাপে ঘুম থেকে উঠে স্ত্রী ও কাছে থাকা সন্তানকে নিয়ে ঘর থেকে বের হন। এ সময় পাশের কক্ষে থাকা আরও দুই ছেলেসন্তানকে বাঁচাতে তিনি জ্বলন্ত ঘরে প্রবেশ করে তাদের রক্ষা করতে পারলেও তাঁর মাথা, দুই হাত ও পিঠ ঝলসে যায়।
এদিকে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কলাপাড়া উপজেলা শহরের সদর রোড এলাকার একটি মিষ্টির দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ইতিমধ্যে আগুনে মিষ্টির দোকান, কাপড়, ইলেকট্রনিক সামগ্রী, মুদি-মনিহারি, চাল, ঘোল-মুড়ি, মোবাইল সামগ্রীর দোকানসহ ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।