গোয়ালন্দ-রাজবাড়ী শহর রক্ষা বাঁধের (গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়ক) পাশের একটি খাল থেকে প্রায় এক মাস ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ কারণে বাঁধ ও আশপাশের অনেকের জমি ভাঙনের হুমকিতে পড়েছে। গত শনিবার ও গতকাল রোববার সরেজমিনে দেখা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মইজদ্দিন মাতুব্বরপাড়া এলাকায় ওই বাঁধের পাশে খাল থেকে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এলাকাবাসী জানান, প্রায় এক মাস ধরে ওই এলাকার হেলাল খাঁ, বেল্লাল খাঁ ও রজব খাঁ এভাবে বালু তুলছেন। সড়কের মাত্র ৫০ থেকে ৬০ গজ দূর থেকে বালু তুলে পাইপের মাধ্যমে সড়কের ওপর দিয়ে বিপরীত পাশে গর্ত ভরাট করা হচ্ছে বসতঘর তৈরির জন্য। ড্রেজারের শ্রমিক এরশাদ খাঁ (২৫) জানান, তাঁরা তিনজন শ্রমিক বালু তুলছেন। প্রায় এক মাস ধরে ৩০-৩৫ ফুট গভীর করে এ পর্যন্ত প্রায় ৭০ হাজার ঘনফুট বালু তোলা হয়েছে। আরও ২০ থেকে ৩০ হাজার ঘনফুট বালু তোলা হবে বলে তিনি জানান। শ্রমিকেরা জানান, ‘শুক্রবার ভূমি অফিস থেইকা এক লোক আইসা মালিকের সঙ্গে কথা বইলা গেছে।’ এ সময় উপস্থিত প্রতিবেশী জামাল খাঁ অভিযোগ করেন, ভরা বর্ষায় ড্রেজার দিয়ে বালু তোলায় নির্দিষ্ট করে জমির দিক ঠিক রাখা মুশকিল। যেভাবে গভীর করে বালু তোলা হচ্ছে, তাতে পানি কিছুটা কমে গেলে আশপাশের জমি ভেঙে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সড়কের পাশ থেকে বালু তুলে গর্ত ভরাটের বিষয়ে জানার জন্য হেলাল খাঁ, বেল্লাল খাঁ ও মোজা খাঁকে পাওয়া যায়নি। তাঁদের ভাই ঘটনাস্থলে উপস্থিত মোজাহার খাঁ দাবি করেন, নিজেদের জমি থেকেই তাঁর ভাইয়েরা বালু তুলছেন। এতে সড়কের কোনো সমস্যা হবে না। উজানচর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুকুমার দত্ত বলেন, এভাবে বিনা অনুমতিতে কোনো বাঁধ বা সড়কের পাশ থেকে বালু তোলা উচিত নয়। বালু তুলে খাল গভীর করে ফেলায় পানি কমার সঙ্গে সঙ্গে বাঁধ ও আশপাশের জমিতে ভাঙন দেখা দিতে পারে। তাই গত বৃহস্পতি ও শনিবার ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা ইউনুস আলীকে ঘটনাস্থলে পাঠিয়ে বালু উত্তোলনকারীদের বালু তোলা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজবাড়ীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান গতকাল বলেন, ‘এটি ফরিদপুর-বরিশাল বন্যা নিয়ন্ত্রণ রক্ষা বাঁধ। বাঁধের রাজবাড়ী জেলার অংশটুকু গোয়ালন্দ-রাজবাড়ী শহর রক্ষা বাঁধ হিসেবে পরিচিত। এই বাঁধের পাশে পর্যাপ্ত দূরত্ব না রেখে ড্রেজার দিয়ে বালু তোলার কোনো সুযোগ নেই। বিষয়টি আমি খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছি।’