গোয়ালন্দে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ অন্তত ১০ আহত হয়েছেন। আজ বুধবার সকালে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠের সামনে এ সংঘর্ষ হয়। এ সময় ওই সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বাসটির চালক আহত খোকন শেখ জানান, বুধবার সকাল সোয়া নয়টার দিকে ফরিদপুর থেকে ৩৬ জন যাত্রী নিয়ে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তিনি থামেন। এ সময় বিপরীত দিকে থেকে আসা মুরগির খাবারবোঝাই ট্রাকটি সামনে থাকা একটি দ্রুতগতির বাসকে অতিক্রম করে যাওয়ার সময় তাঁর বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা দেয়। এতে তিনিসহ বাসে থাকা অন্তত আটজন যাত্রী গুরুতর আহত হন।
ক্ষতিগ্রস্ত ট্রাকের সহকারী রুস্তুম বিশ্বাস জানান, তাঁদের ট্রাকটিকে অতিক্রম করে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস যাওয়ার সময় ধাক্কা দিলে তাঁরা বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ধাক্কা লাগান। এতে তিনি ও ট্রাকের চালক গুরুতর আহত হন।
গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক লিয়াকত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যানবাহন চলাচল শুরু হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আহত লোকজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।