গোয়ালন্দে বাসের চাপায় মোটরসাইকেলের চালক নিহত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাসের চাপায় রঞ্জু শেখ (২০) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে উপজেলার নবুওজিমদ্দিনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রঞ্জু উপজেলার নবুওছিমদ্দিন পাড়ার আলাউদ্দিন শেখের ছেলে। এ দুর্ঘটনায় চান মিয়া নামেরমোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। তাঁকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী একটি লোকাল বাস ওই স্থানে পৌঁছে মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক রঞ্জু মারা যান। মোটরসাইকেলের অপর আরোহী চান মিয়া গুরুতর আহত হন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বাস ও বাসটির চালককে দৌলতদিয়া ঘাট থেকে আটক করা হয়েছে।