গোয়ালন্দে ব্যক্তি উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর
আড়াই শতাংশ জমির ওপর একটি চৌচালা টিনের ঘর। ঘরে আছে পাঁচটি গ্যালারি ও একটি পাঠাগার। সেখানে ঠাঁই পেয়েছে মুক্তিযুদ্ধের সময়কার ৫০০টি আলোকচিত্র এবং মুক্তিযুদ্ধবিষয়ক আড়াই শতাধিক বই ও স্মরণিকা। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস নিজ উদ্যোগে গড়ে তুলেছেন এই ‘মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর’।
উপজেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে কাশিমা গ্রাম। ২০০৯ সালের ১৯ মে জাদুঘরটির নির্মাণকাজ শুরু হয়। তখন উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। ২০১৩ সালের ৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জাদুঘর উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সময় গোয়ালন্দ অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান ফকির আবদুল জব্বার।
যোগাযোগ করা হলে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রথম আলোকে বলেন, ‘খুবই ভালো একটি উদ্যোগ। গোলাম মোস্তফা কারও কাছে হাত পাতেননি। তাঁর আকাঙ্ক্ষা, আগ্রহটাই বড় ছিল। তিনি মুক্তিযুদ্ধের সময়ের স্থানীয় নানান উপকরণ সংগ্রহ করেছেন। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে স্থানীয় জনগণকে এগিয়ে আসতে হবে।’
মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরটি সপ্তাহের সাত দিন সকাল থেকে বিকেল পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকে। প্রতিদিন নানা বয়সী মানুষ জাদুঘরটি দেখতে আসেন। প্রবেশ মাশুল লাগে না।
জাদুঘরের গ্যালারিগুলোর নামকরণ করা হয়েছে ভাষাসৈনিক আবদুল ওয়াজেদ চৌধুরী, শহীদ মুক্তিযোদ্ধা আবদুল আজিজ, প্রয়াত মুক্তিযোদ্ধা কাজী হেদায়েত হোসেন, শহীদ ফকীর মহিউদ্দিন ও মোহাম্মদ আলীর নামে। গ্যালারিগুলোতে রাজবাড়ী ও গোয়ালন্দের স্বাধীনতাসংগ্রাম, জেলার মুক্তিযোদ্ধাদের পরিচিতিমূলক ছবি, মুক্তিযুদ্ধের স্মারক, ভারতের কল্যাণী শরণার্থী শিবিরের কিছু দুর্লভ ছবি, সংবাদপত্রে প্রকাশিত যুদ্ধের ইতিহাস ও তথ্যভিত্তিক প্রতিবেদনের কপি আছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুস সামাদ মোল্লা বলেন, গোলাম মোস্তফার মতো দেশের বিভিন্ন স্থানে থাকা মুক্তিযোদ্ধাদের এ ধরনের উদ্যোগ নিতে হবে। তাহলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।
জাদুঘরে রয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক ২৫০টি বই ও স্মরণিকা। সংরক্ষণ করা হয়েছে যুদ্ধাপরাধের বিচারসংক্রান্ত নানা পত্রিকার সংবাদ। আছে ভারত-পাকিস্তান দেশভাগের ছবি, মাস্টারদা সূর্য সেনের চট্টগ্রাম যুব বিদ্রোহ, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার, ভাষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থানের নানা ছবি ও বিবরণ। জাদুঘরের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘অনেকেই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ভুলতে বসেছে। নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ঘরের উঠানে জাদুঘর প্রতিষ্ঠার কাজ শুরু করি। শুরুতে অনেকে এ ব্যাপারে নিরুৎসাহিত করলেও এখন সবাই অনুপ্রেরণা জোগাচ্ছেন।’
উদ্বোধনের পর থেকে প্রায় চার হাজার দর্শনার্থী জাদুঘরের পরিদর্শন খাতায় মন্তব্য লিখেছেন। ২৫ মার্চ জাদুঘরে ঘুরতে এসেছিল চৌধুরী আবদুল হামিদ একাডেমির দশম শ্রেণির শিক্ষার্থী সোহানুজ্জামান মিয়া ও সজিব মৃধা। সজিব বলে, ‘এর আগেও কয়েকবার এখানে এসেছি। আজ (শনিবার) বিশেষ দিন হওয়ায় আবার এলাম। মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানা যায়।’