গোয়ালন্দে ব্যতিক্রমধর্মী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

‘তারুণ্যের আলোয় উজ্জীবিত হোক সমাজ’ স্লোগান সামনে রেখে স্থানীয় সামাজিক সংগঠন ‘একজ’ আয়োজিত ব্যতিক্রমধর্মী ক্রিকেট টি-১৩ টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল রোববার সকালে অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ১০ মে থেকে শুরু হওয়া এ খেলায় মোট সাতটি দল অংশ নেয়। প্রতিদিন ভোর ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত খেলা চলে। মাঝে পবিত্র রমজানের কারণে কিছুদিন বিরতির পর পুনরায় খেলা অনুষ্ঠিত হয়। এতে ইভ টিজিংবিরোধী একাদশ, প্রকৃতিপ্রেমী একাদশ, অসাম্প্রদায়িক মুক্তমনা একাদশ, বইপ্রেমী একাদশ, অপসংস্কৃতিবিরোধী একাদশ, মাদকবিরোধী একাদশ ও দুর্নীতিবিরোধী একাদশ এই সাতটি দল অংশ নেয়। গতকাল মাদকবিরোধী একাদশ ও অপসংস্কৃতিবিরোধী একাদশের মধ্যে ফাইনাল খেলা হয়। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে অপসংস্কৃতি একাদশ ১৩ ওভারে ৮টি উইকেট হারিয়ে ১১৭ রান করে। জবাবে মাদকবিরোধী একাদশ ১২ ওভারে ১০২ রান করে সব কটি উইকেট হারায়। ফলে অপসংস্কৃতিবিরোধী একাদশ ১৫ রানে বিজয়ী হয়।া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন একজের আহ্বায়ক সুজন সরওয়ার।