গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শহরের প্রধান বাজারে বিভিন্ন অনিয়মের দায়ে আট ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে তাঁদের জরিমানা করা হয়। নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) শেখ মো. আবদুল্লাহ সাদীদ এই জরিমানা করেন।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দুপুরে গোয়ালন্দ বাজারের ‘মা’ বীজ ভান্ডারে ভেজাল বীজ বিক্রি ও সরকারি নিয়মনীতি উপেক্ষা করায় দোকানমালিক গোপাল চন্দ্র সাহাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বিক্রি করার দায়ে মানিক ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে ৫০০ টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে গুড় বিক্রি করার দায়ে আরও ছয় গুড় ব্যবসায়ীকে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা প্রতাপ মণ্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন, স্যানিটারি পরিদর্শক মো. সাইফুর রহমান প্রমুখ।