গোয়ালন্দে মহাসড়কের পাশ থেকে বালু উত্তোলন
রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পাশে তিনটি স্থান থেকে শ্যালো মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। এতে মহাসড়কের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার উজানচর মকবুলের দোকান নামক এলাকায় মহাসড়কের পশ্চিমে ১০-১২ দিন ধরে শ্যালো মেশিন দিয়ে বালু তুলে জমির মালিক বিক্রি করছেন। গত বুধবার বিকেলে সরেজমিনে দেখা যায়, মকবুলের দোকান নামক এলাকায় মহাসড়ক থেকে দেড় শ ফুট দূর থেকে শ্রমিক আফসার মন্ডল শ্যালো মেশিন দিয়ে বালু তোলায় ব্যস্ত। পাইপের মাধ্যমে বালু নিয়ে কয়েক শ গজ দূরে নবুওছিমদ্দিনপাড়ার মোবারকের বাড়ির পেছনের গর্ত ভরাট করা হচ্ছে। আফসার মন্ডল বলেন, রাজবাড়ীর খানখানাপুরের আবদুর রহমান খননযন্ত্রের মালিক। ১০-১২ দিন ধরে তাঁদের দিয়ে মাটি কাটা হচ্ছে। জমির মালিক স্থানীয় জাকির সরদার ও কুদ্দুস শেখ দাবি করেন, ‘সপ্তাহ খানেক আগে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) ও থানার পুলিশ আমাদের জমি মাপজোখ করে বুঝিয়ে দিয়ে লাল নিশান পুঁতে যায়। তাঁদের সীমানার পর থেকে মাটি কাটছি।’ কুদ্দুস শেখ দাবি করেন, ‘মহাসড়কের প্রায় ২০০ ফুট দূর থেকে মাটি তোলা হচ্ছে। এতে মহাসড়কের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। মহাসড়কের পাশের খালে পানি আছে। আমরা আরেকটু গভীর করে মাছ চাষ করার জন্যই মাটি কাটছি।’ শ্রীদাম দত্তপাড়া এলাকায় মহাসড়ক থেকে ২৫০-৩০০ গজ দূরে আরেকটি শ্যালো মেশিন দিয়ে বালু তোলা হচ্ছে। এ বালু পাইপের মাধ্যমে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে একটি স্কুলের মাঠ ভরাট করা হচ্ছে। সেখানে খননকাজে ব্যস্ত শ্রমিক সুমন খোন্দকার দাবি করেন, নিরাপদ দূরত্ব বজায় রেখেই ব্যক্তি মালিকানাধীন জমি থেকে বালু তোলা হচ্ছে। এ ছাড়া গোয়ালন্দের পদ্মার মোড় এলাকায়ও বেশ কিছুদিন ধরে শ্যালো মেশিন দিয়ে বালু তুলে একটি পুকুর ভরাট করা হচ্ছে। সড়ক ও জনপথ অধিদপ্তর রাজবাড়ীর উপসহাকরী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঁইয়া বলেন, মহাসড়কের পাশ থেকে বালু তোলা সম্পূর্ণ অবৈধ। এতে মহাসড়কের বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। বিষয়টি জানার পর গোয়ালন্দ ঘাট থানায় ২ ও ৮ ফেব্রুয়ারি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এমনকি জমির মালিকদের নিজের জমি থেকে বালু তুলতে নিষেধ করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, এক সপ্তাহ আগে লিখিত অভিযোগ পাওয়ার পর সওজের কর্মকর্তা এবং জমির মালিকেরা বসে সমাধান করার বিষয়টি জানার পর থানায় মামলা হয়নি।