গোয়ালন্দে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় তালাবদ্ধ দুই মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল কার্যালয় দুই মাস ধরে তালাবদ্ধ রয়েছে। এতে মুক্তিযোদ্ধারা নিজ কার্যালয়ে আসতে এবং কোনো কর্মসূচি পালন করতে না পারায় তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুস সামাদ মোল্যা জানান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমিটির মেয়াদ শেষ হওয়ায় মন্ত্রণালয়ের নির্দেশে তিনি গত ১৩ অক্টোবর সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছরোয়ার হোসেনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। তখন থেকেই উপজেলা প্রশাসন কার্যালয়টি তালাবদ্ধ করে সিলগালা করে দেয়।

এরপর ২১ অক্টোবর নির্বাচনের তারিখ নির্ধারিত হলেও সরকারি নির্দেশে তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। এ কারণে তাঁরা নিয়মিত কার্যালয়ে বসা, এমনকি কোনো কর্মসূচি পালন করতে পারছেন না।

অথচ আজ মহান বিজয় দিবস। অন্যান্য বছর এ দিনে তাঁরা কার্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালন করলেও এবার তা করতে পারছেন না। ফলে মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ইউএনও পংকজ ঘোষ বলেন, কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তৎকালীন ইউএনও মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বভার বুঝে নিয়েছিলেন। কিন্তু কার্যালয় তালাবদ্ধ করে সিলগালা করার ব্যাপারে কোনো নির্দেশনা তাঁর জানা মতে নেই। মুক্তিযোদ্ধারা তাঁর কাছে এলে তিনি কার্যালয়টি খুলে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান।