গোয়ালন্দে রাস্তা বন্ধ করায় ১০ গ্রামের বাসিন্দাদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রায় ২৫ বছর ধরে চলাচলের রাস্তার মাঝে মাটি, গাছের ডালপালা ফেলে ও ইটের গাঁথুনি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখায় দুটি ইউনিয়নের ১০ গ্রামের প্রায় ১০ হাজার মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ছমির মৃধা পাড়ায় এই প্রতিবন্ধকতা সৃষ্টি করায় লোকজনকে রাস্তার পাশের ঢালু জায়গায় নেমে হাঁটুপানি ভেঙে অথবা অন্যত্র ঘুরে চলাচল করতে হচ্ছে।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, দুই পক্ষের রেষারেষিতে রাস্তাটি সংস্কার করা যাচ্ছে না। একাধিকবার পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নিয়েও এই বিরোধ সমাধান করা সম্ভব হয়নি। তবে একটি পক্ষ কিছুটা ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে এলে রাস্তাটি সংস্কার হতো। সেই সঙ্গে এই অঞ্চলের মানুষের দুর্ভোগও লাঘব হতো।

এলাকাবাসী সূত্র জানায়, ছমির মৃধা পাড়ার তনু শেখের সঙ্গে বাড়ির সামনে রাস্তার বিপরীতে পল্লিচিকিৎসক আবদুল মান্নানের জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। বিরোধ নিষ্পত্তির জন্য একাধিকবার স্থানীয়ভাবে সালিস বৈঠক হয়। প্রায় দুই মাস আগে দৌলতদিয়া ইউপির পক্ষ থেকে কাঁচা রাস্তা সংস্কার করতে গেলে দুই পক্ষের সীমানা জটিলতার কারণে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। স্থানীয় লোকজনের দাবির পরিপ্রেক্ষিতে এ নিয়ে ইউপির পক্ষ থেকে সমাধানের উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি ইউপির একটি প্রতিনিধিদল সীমানা নির্ধারণ করে দিয়ে যায়। প্রতিনিধিদল ঘটনাস্থল ত্যাগ করার পরই তনু শেখের ছেলে ফজল শেখ ওই সীমানা না মেনে উল্টো রাস্তার মাঝখানে মাটি ফেলে ও গাছের ডালপালা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। অথচ এই রাস্তা দিয়ে দৌলতদিয়া ইউনিয়নের ছমির মৃধা পাড়া, রহমান ফকির পাড়া, ফকিরাবাদ এবং উজানচর ইউনিয়নের মজলিশপুর, দেবীপুর, কচালিয়া, মহিদাপুর, কাসেমপুর, চরকর্ণেশনাসহ ১০ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চলাচল করে। চরাঞ্চলের এসব মানুষের ফসল আনা-নেওয়ার বাহন ঘোড়ার গাড়ি এই রাস্তা দিয়েই চলাচল করে থাকে। রাস্তা বন্ধ করে দেওয়ায় এসব এলাকার মানুষকে ওই স্থানে এসে পাশের ঢালু দিয়ে হাঁটুপানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

পল্লিচিকিৎসক আবদুল মান্নান বলেন, ‘২৫-৩০ বছর ধরে দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের চরাঞ্চলের মানুষ এখান দিয়ে চলাচল করে। অথচ ইউনিয়ন পরিষদের সালিসে ইটের গাঁথুনি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলেও তনু শেখের ছেলে ফজল শেখ তা না করে রাস্তার মাঝখানে মাটি, গাছের ডালপালা ও কাঁটা ফেলেছেন। মানুষ উপায় না পেয়ে রাস্তার পাশে আমার জায়গার ঢালু স্থান দিয়ে ও অনেকে আমার বাড়ির ওপর দিয়ে চলাচল করছেন।’

অবশ্য তনু শেখের ছেলে ফজল শেখ বলেন, ‘বর্তমানে মানুষ যেখান দিয়ে চলাচল করছে, সেটি মূলত সাবেক রাস্তা ছিল। কিন্তু আবদুল মান্নানের বাধার কারণে মানুষ ঘুরে পাশ দিয়ে চলাচল করতে শুরু করে। সম্প্রতি মাপজোখে রাস্তার কিছু অংশ আমাদের মধ্যে পড়ায় আমরা মাটি ফেলেছি।’