গোয়ালন্দে শীতজনিত রোগের প্রকোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শিশু, বয়স্কসহ নিম্ন আয়ের মানুষ কাবু হয়ে পড়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে শীতজনিত নানা রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিনই হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে চলেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শুধু ডিসেম্বরেই শীতজনিত রোগে আক্রান্ত ৮৭টি শিশু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এ ছাড়া বহির্বিভাগ থেকে ৪১৬টি শিশু এবং জরুরি বিভাগ থেকে ১৫টি শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনটি উপস্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছে ২৭টি শিশু, ১৩টি কমিউনিটি ক্লিনিক থেকে ৩৮৯টি শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ছাড়া গত এক সপ্তাহে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ৭৬টি শিশু। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত ১১টি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্র ও গতকাল শনিবার হাসপাতাল ঘুরে দেখা যায়, শীতজনিত রোগে আক্রান্ত শিশুসহ অন্যরা হাসপাতালে চিকিৎসা নিতে ভিড় করেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম তারিক বলেন, কিছুদিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে চরাঞ্চল ও নদী-তীরবর্তী এলাকায় শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। শিশুদের নিউমোনিয়া, সর্দি, কাশি ও ডায়রিয়া দেখা দিচ্ছে। তবে হাসপাতালে ওষুধের পর্যাপ্ত ব্যবস্থা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিদিনই বেশ কয়েকজন করে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসছে।