গোয়ালন্দে সালিসের টাকা আত্মসাৎ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় এক কৃষকের সালিসের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে জেলা বিএনপির সদস্য তোফাজ্জল হোসেন মিয়ার বিরুদ্ধে, তবে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর দৌলতদিয়ার কৃষক আলাল বেপারীর ছেলে ও তাঁর স্ত্রীর মধ্যে মনোমালিন্য নিয়ে প্রায় চার বছর আগে স্থানীয়ভাবে একটি মীমাংসা হয়। এতে সভাপতি ছিলেন জেলা বিএনপির সদস্য তোফাজ্জল হোসেন মিয়া। সালিসের সিদ্ধান্ত মোতাবেক মেয়ের বাবাকে জরিমানা বাবদ ১০ হাজার টাকা তোফাজ্জল মিয়ার কাছে জমা দেন আলাল বেপারী। পরবর্তী সময়ে আলাল বেপারী তোফাজ্জল হোসেন মিয়ার কাছে টাকা ফেরত চেয়েও পাননি।আলাল বেপারীর অভিযোগ, বছরে ১০ মণ ধান দেওয়ার শর্তে একজনের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়ে তিনি তোফাজ্জলের হাতে দেন। এ বছর একমাত্র চৌচালা ঘর বিক্রি করে পাওনাদারের টাকা পরিশোধ করেছেন। তোফাজ্জল মিয়া তাঁকে টাকা দেওয়ার কথা বলে এ পর্যন্ত ১১০ দিন রাজবাড়ীতে ঘুরিয়েছেন। এতে আরও প্রায় ১০ হাজার টাকা খরচ হয়েছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলাম মণ্ডল বলেন, ‘আলাল বেপারীর ১০ হাজার টাকা সর্বশেষ গত ৩ মে আমার কাছে জমা দেওয়ার কথা ছিল তোফাজ্জল হোসেনের। কিন্তু তিনি তাও দেননি।’তোফাজ্জল হোসেন মিয়া মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘প্রতিদিন আমার যেখানে গড়ে প্রায় ১০ হাজার টাকার মতো খরচই হয়, সেখানে একজন কৃষকের ১০ হাজার টাকা আত্মসাতের প্রশ্নই আসে না। দুই পক্ষ একত্রে না আসায় টাকাটা ফেরত দিইনি। এখন প্রয়োজনে নিজে গিয়ে দিয়ে আসব।’