গোয়ালন্দে সেই সড়কের নামফলক অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার প্রধান সড়কের নামকরণ ফলকটি ৮ মার্চ অপসারণ করা হয়েছে। এ বিষয়ে গত ২৫ জানুয়ারি ‘সড়কের নাম পরিবর্তনে মন্ত্রণালয়ের চিঠি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে ১৬ জানুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি গোয়ালন্দ পৌর কর্তৃপক্ষের হাতে ২২ জানুয়ারি এসে পৌঁছে।
মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, স্বাধীনতাবিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের নামে নামকরণ করা সড়কগুলোর নাম পরিবর্তন করে দেশপ্রেমিক কবি ও সাহিত্যিক, স্থানীয় শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিবিদদের নামে করার প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানোর জন্য অনুরোধ করা গেল। ওই চিঠির সঙ্গে সংযুক্ত আরেকটি পত্রের ছায়ালিপিতে ৩২টি সড়কের নাম পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথমে গোয়ালন্দ পৌরসভার ‘হানিফ মোল্লা সড়ক’-এর নাম রয়েছে। এ ছাড়া ফরিদপুর, মাদারীপুর, নাটোর, সাতক্ষীরা, বাগেরহাট, সুনামগঞ্জ, চট্টগ্রাম, নোয়াখালী, মাগুরা ও কক্সবাজার জেলার বিভিন্ন সড়কের নাম উল্লেখ রয়েছে।
গোয়ালন্দ পৌরসভা শহরের অন্যতম প্রধান সড়ক এটি। ২০১১ সালের ৯ অক্টোবর গোয়ালন্দ বাজার বড় মসজিদ-সংলগ্ন এ সড়কের নামফলক লাগানো হয়। এতে দেখা যায়, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) অর্থায়নে স্থানীয় মেসার্স চৌধুরী ট্রেডার্স সড়কটির কাজ করেন। বাস্তবায়নে রয়েছে গোয়ালন্দ পৌরসভা। ওই দিন আনুষ্ঠানিকভাবে হানিফ মোল্লা সড়ক উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী ও পৌরসভার মেয়র শেখ মো. নিজাম।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম শফি বলেন, মুক্তিযুদ্ধের সময় তৎকালীন চেয়ারম্যান হানিফ মোল্লা স্বাধীনতাবিরোধী ভূমিকা পালন করেন। স্থানীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একজন শহীদ মুক্তিযোদ্ধার নামে নামকরণের প্রস্তাব রেখেছেন তিনি।
৮ মার্চ বেলা ১১টার দিকে দুজন লোক এসে হানিফ মোল্লা সড়ক লেখা ফলকটি ভেঙে ফেলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী রেজাউল করিম বলেন, প্রায় দুই ঘণ্টা সময় নিয়ে নামফলকটি ভেঙে ফেলার পর সেটি রিকশায় উঠিয়ে তাঁরা চলে যান। তাঁর মতে, হানিফ মোল্লা একজন খ্যাতিমান ও জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। যে কারণে তাঁর নামেই এই সড়কটি নামককরণ করা হয়। কিন্তু এত বছর পর এসে এভাবে নামফলকটি ভেঙে ফেলা কতটুকু যুক্তিসংগত আমার জানা নেই।
এ বিষয়ে জানতে চাইলে গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র কোমল কুমার সাহা বলেন, ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো সড়কের নাম পরিবর্তনের সেই চিঠি ও রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসকের ফোন পেয়ে জরুরি সভায় নামফলকটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তেই নামফলকটি ভেঙে ফেলা হয়েছে।