গোয়ালন্দে সেতুর কাছ থেকে মাটি উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর মাখন রায়পাড়ায় মরা পদ্মা নদীর ওপর নির্মিত সেতুর কাছ থেকে দুই সপ্তাহ ধরে শ্যালো যন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে। এভাবে মাটি তোলায় সেতুর ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।শুক্রবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, উজানচর মাখন রায়পাড়ায় সেতু থেকে প্রায় ২০০ গজ উত্তরে মরা পদ্মা নদী থেকে দুটি শ্যালো যন্ত্র দিয়ে মাটি তোলা হচ্ছে। সেই মাটি প্রায় ৫০০ গজ পশ্চিমে জমিতে ফেলে উঁচু করে বসতভিটা তৈরি করা হচ্ছে। দুই সপ্তাহ ধরে এভাবে মাটি তোলা হচ্ছে। এর আগেও একইভাবে সেতুটির উত্তর ও দক্ষিণ পাশ থেকে একাধিকবার মাটি তোলা হয়েছে। এভাবে সেতুর কাছ থেকে মাটি তোলায় যেকোনো সময় সেতুটি ধসে পড়তে পারে বলে স্থানীয় লোকজন আশঙ্কা ব্যক্ত করেছে।মাটি তোলায় ব্যস্ত শ্যালো যন্ত্রের মালিক উজানচরের হাবিল মণ্ডলপাড়ার আলাউদ্দিন খান জানান, উজানচরের নতুনপাড়া এলাকায় সড়কের পাশের জমির মালিক গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর কোমল সাহা তাঁর প্রতি শতাংশ জমি পাঁচ হাজার টাকায় ভরাট করতে তাঁকে ভাড়া করেছেন। ১৪-১৫ দিনে প্রায় ৫০ হাজার ঘনফুট মাটি কাটা হয়েছে। আরও অন্তত ৩০ হাজার ঘনফুট মাটি কাটতে হবে। কোমল সাহার কাছে ওই জমি বিক্রি করেছেন বাহাদুরপুর এলাকার আল আমিন। সেতুর কাছে আল আমিনের জমি থাকায় ওই জমি থেকে তিনি মাটি কাটতে বলেছেন।এ ব্যাপারে জানতে চাইলে আল আমিন বলেন, ‘সেতুর কাছ থেকে মাটি কাটলে সমস্যা হতে পারে, এটাই স্বাভাবিক। এ জন্য সেতুর কাছের জমি আমার হওয়া সত্ত্বেও ওনাদের (শ্যালো যন্ত্রের মালিক) সেতু থেকে অন্তত ২০০ ফুট দূর থেকে মাটি কাটতে বলেছি। আমার কাছ থেকে জমি কিনেছেন কোমল সাহা ও মাসুদ বেপারি। তাঁরা আমার কাছে মাটি চাইলে সেতুর অবশ্যই অনেক দূর থেকে এবং সম্পূর্ণ নিজ দায়িত্বে মাটি কাটতে বলেছি।’কাউন্সিলর কোমল সাহা বলেন, ‘আমিসহ আরও চার-পাঁচজন আল আমিনের কাছ থেকে জমি কিনেছি। কেনার সময় আল আমিনের সঙ্গে জমি উঁচু করে ভিটা তৈরি করে দেওয়ার চুক্তি ছিল। শুধু আমারই না, সবার জমি ভরাট করে দিচ্ছেন আল আমিন। এ জন্য সব দায়দায়িত্ব তাঁরই।’উপজেলা প্রকৌশলী শামসুল হক জানান, নিজস্ব জমি হলেও সরকারি সম্পত্তির ক্ষতি হতে পারে, এমন জায়গা থেকে মাটি খনন করা যাবে না। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিষয়টি জানিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।