গোয়ালন্দে স্কুল শিক্ষককে কুপিয়ে জখম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার প্রথম আলো বন্ধুসভার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহুরুল আলমকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুষ্কৃতকারীরা। গত সোমবার সন্ধ্যায় উপজেলার উজানচর হারেজ মিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জহুরুল আলম ও তাঁর সঙ্গে থাকা পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় হারেজ মিয়ারপাড়ার পল্লি চিকিৎসক আমিরুল ইসলামের বাড়ি থেকে গৃহশিক্ষকতা শেষ করে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন জহুরুল। ওই বাড়ি থেকে মাত্র কয়েক শ গজ দূরে গোয়ালন্দ-ফরিদপুর-তাড়াইল সড়কে ওঠার সময় অজ্ঞাতনামা তিন-চারজন তরুণ ধারালো অস্ত্র দিয়ে তাঁর মুখে কোপ মারেন। এরপর বাইসাইকেল থেকে তিনি পড়ে যান। তখন সন্ত্রাসীরা তাঁকে রড দিয়ে পেটাতে থাকে। একপর্যায়ে তিনি দৌড় দিয়ে আমিরুল ইসলামের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। পরে আমিরুল ইসলামের পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় জহুরুলের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আবদুল জলিল খান ওই দিন গোয়ালন্দঘাট থানায় লিখিত অভিযোগ দেন। তবে পুলিশ গতকাল মঙ্গলবার পর্যন্ত হামলায় জড়িত কাউকে আটক করতে পারেনি।