গোয়ালন্দে স্কুলছাত্রীর মৃত্যুর কারণ নিপাহ ভাইরাস নয়
রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরের কুমড়াকান্দি গ্রামে স্কুলছাত্রী বীথি আক্তারের (৯) মৃত্যু নিপাহ ভাইরাসের কারণে হয়নি। আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র-আইসিডিডিআরবির এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
গতকাল বুধবার বীথি আক্তারের বাড়ি ও এলাকা পরিদর্শনে এসে স্বাস্থ্য বিভাগের উপপরিচালক (সিডিসি) সুকুমার সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালট্যান্ট আলী মর্তুজা বিষয়টি নিশ্চিত করেন। সেই সঙ্গে প্রাথমিকভাবে এ মৃত্যুকে সাধারণ ভাইরাসজনিত কারণ হিসেবে অভিহিত করে সংগৃহীত নমুনা পরীক্ষা-নিরীক্ষা করে সঠিক কারণ বের করা হবে বলেও তাঁরা জানান। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম তারিকসহ স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিল।
৪ ফেব্রুয়ারি বিথী হঠাৎ জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করে। পরদিন তাকে গোয়ালন্দ হাসপাতালে নেওয়া হয়। ওই দিনই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর তার মৃত্যু হয়।