গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন রাতে বাড়ির একটু দূরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত হন দুজন। ওই দুর্ঘটনাস্থল দেখতে গতকাল বৃহস্পতিবার সকালে রওনা হন তিন বন্ধু। কিন্তু দুর্ঘটনাস্থলের প্রায় ২০০ গজ দূরে মালবাহী গাড়ির চাপায় তাঁরাও প্রাণ হারান।মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ বাজার পদ্মার মোড় এলাকার দৌলতদিয়া-খুলনা মহাসড়কে।নিহত তিন বন্ধু হলেন গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়ার মাজেদ প্রামাণিকের একমাত্র ছেলে গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর ছাত্র সবুজ প্রামাণিক (১৯), একই এলাকার জিন্দার আলী বেপারীর একমাত্র ছেলে মিজান বেপারী (২২) ও বেপারীপাড়া গ্রামের হাসেন বেপারীর ছেলে রবিউল বেপারী (২৩)।পুলিশ ও স্থানীয় লোকদের বিবরণ অনুযায়ী, বুধবার রাত সোয়া আটটার দিকে দৌলতদিয়া বাসস্ট্যান্ড থেকে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি বাস ফরিদপুরের উদ্দেশে রওনা হয়। গোয়ালন্দ ফিড মিলের কাছে দৌলতদিয়া-খুলনা সড়কে পৌঁছার পর বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গোয়ালন্দের স্বরুপারচক গ্রামের মজিবর সরদারের স্ত্রী মনোয়ারা বেগম (৪৮) নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান গোয়ালন্দ রেলগেট এলাকার বালু ব্যবসায়ী খলিলুর রহমান (৫০)। দুর্ঘটনায় বাসটির অন্তত ১৮ যাত্রী গুরুতর আহত হন।ওই দুর্ঘটনাস্থল দেখতে গতকাল ভোরে সবুজ, মিজান ও রবিউল মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। গোয়ালন্দ বাজার পদ্মার মোড় পার হয়ে সোয়া ছয়টার দিকে এএনএ কোম্পানির একটি ইটভাটার কাছে পৌঁছামাত্র পেছন থেকে একটি মালবাহী গাড়ি (কাভার্ড ভ্যান) তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন বন্ধুর মৃত্যু হয়। গাড়ি রেখেই পালিয়ে যান চালক।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মহাসড়কে এএনএ কোম্পানির ইটের স্তূপ রাখায় তিন বন্ধু মালবাহী গাড়ি আসার শব্দ পেয়ে সরে যাওয়ার চেষ্টা করেও পারেননি। মহাসড়কে অবৈধভাবে ইট না রাখলে এবং চালক সতর্কতার সঙ্গে গাড়ি চালালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটত না।এ ঘটনার পরপরই ভোর সাড়ে ছয়টার দিকে ক্ষুব্ধ জনতা দৌলতদিয়া-খুলনা সড়ক অবরোধ করে। তারা গাড়িটি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ছবি তুলতে গিয়ে প্রথম আলো, ইত্তেফাক, ইনকিলাব, ডেসটিনি ও আরটিভির স্থানীয় প্রতিনিধি জনতার হাতে নাজেহাল হন। লোকজন তাঁদের প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। এ ছাড়া রাজবাড়ী থেকে আসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি গাড়ি বারবার আগুন নেভানোর চেষ্টা করেও ক্ষুব্ধ জনতার বাধা পেয়ে ফিরে যায়। এ সময় গোয়ালন্দ বাজার বাসস্ট্যান্ড থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার ও বিপরীত দিকে গোয়ালন্দ মোড় পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে রাজবাড়ী থেকে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবদুল মান্নানের নেতৃত্বে তিন প্লাটুন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরই মধ্যে ক্ষুব্ধ জনতা মহাসড়কে আটকে থাকা অন্তত ২০টি ট্রাক ও বাসের কাচ ভাঙচুর করে। এতে যানবাহনে থাকা অনেকেই আহত হয়।