গোয়ালন্দে সড়কের ওপর মানবেতর জীবনযাপন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় সড়কের ওপর দেড় শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলছেন, পাঁচ দিন ধরে থাকলেও এখন পর্যন্ত তাঁরা কোনো ত্রাণ পাননি। নেই খাওয়ার পানি আর স্বাস্থ্যসম্মত পায়খানার ব্যবস্থা।
এদিকে পদ্মা নদীতে গত ২৪ ঘণ্টায় পানি আর বাড়েনি। গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
অন্তারমোড় সড়কের ওপর আশ্রয় নেওয়া পরিবারগুলো দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের বাসিন্দা। রাস্তার পশ্চিমে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন, পূর্বে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম এবং দক্ষিণ পাশে ছোটভাকলা ইউনিয়ন। গত শুক্রবার ও বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, পূর্ব ও পশ্চিম পাশে বন্যার পানিতে ফসলি জমি তলিয়ে গেছে, বাড়িঘরে পানি উঠেছে। রাস্তার দুই পাশে কোনো রকম টিনের ছাপড়া বা পলিথিনের খুপরিঘরে গাদাগাদি করে লোকজন বাস করছেন। তাঁদের সঙ্গে আছে গবাদিপশু। সেখানে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানার অভাব।
ছেলে, ছেলের বৌসহ দুই নাতিকে নিয়ে আশ্রয় নিয়েছেন চর দেলন্দি গ্রামের কদবানু (৭০)। তিনি বলেন, পাঁচ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ত্রাণ পাননি।
খুপরি ঘরে নবজাতক নিয়ে আশ্রয় নিয়েছেন মুক্তি খাতুন (৩০)। তিনি বলেন, ‘বাড়িতে ছয়-সাত দিন ধইরা পানি উঠছে। থাকতে না পাইরা পাঁচ দিন ধইরা রাস্তায় আইছি। পাঁচজন মিলে এই ঘরেই রাত কাটাই। রাইতে মশার কামড়ে থাকতে পারি না। এইভাবে আর কয়দিন থাকতে হয় আল্লাহই জানেন।’
কৃষক জয়নাল আবেদীন (৪৫) বলেন, বৃদ্ধা মা, স্ত্রী, তিন ছেলে নিয়ে চার দিন ধরে রাস্তায় থাকছেন। কোনো রকম পলিথিন দিয়ে ঘর তুলে একপাশে গরু, আরেক পাশে তাঁরা থাকেন। এখন পর্যন্ত কেউ তাঁদের খোঁজ নিতে আসেনি। নেই কোনো শৌচাগার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতর আলী সরদার গতকাল বলেন, সড়কের ওপর প্রায় ১৫০টি পরিবার আশ্রয় নিয়েছে। এসব পরিবারের মানুষ মানবেতর জীবনযাপন করছে। এখন পর্যন্ত সেখানে কিছু দেওয়া হয়নি। তবে দুই-এক দিনের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসান হাবীব বলেন, উপজেলার বন্যার্ত সব এলাকায় ত্রাণ কার্যক্রম চলছে। গতকাল শনিবার পর্যন্ত প্রায় ৫০ মেট্রিক টন চাল এবং লক্ষাধিক টাকা বিতরণ শেষ হবে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম বলেন, অন্তারমোড় সড়কের আশ্রয় নেওয়া মানুষের জন্য গতকাল থেকে ১০টি স্বাস্থ্যসম্মত পায়খানা ও তিনটি নলকূপ বসানোর কাজ শুরু হয়েছে।