গোয়ালন্দে ১০টি পানের বরজ ধ্বংস
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর বেতেঙ্গা গ্রামে ১০টি পানের বরজ গত সোমবার রাতে ধ্বংস করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পানচাষি সত্য লাল পাল বাদী হয়ে মঙ্গলবার বালিয়াকান্দি থানায় একটি মামলা করেন।ক্ষতিগ্রস্ত পানচাষিরা অভিযোগ করেন, উপজেলার জামালপুর ইউনিয়নে কিছুদিন আগে অনুষ্ঠিত নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসেবে কামাল সরদার নামের এক পানচাষি প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। কিছু সংখ্যক পানচাষি তাঁকে ভোট না দেওয়ায় তিনি হেরে গেছেন। এ নিয়ে কামাল সরদার ও সত্য লাল পালের পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাত ১১টায় সত্য পাল, অলক পাল, শংকর পাল, স্বপন পাল, রামপদ, বিশ্বনাথ, পনি পালের সঙ্গে কামাল সরদার ও তাঁর পক্ষের লোকজনের কথা-কাটাকাটি হয়। মঙ্গলবার সকালে সত্য লাল পাল ও তাঁর পরিবারের লোকজন পানের বরজে গিয়ে দেখতে পান তাঁদের কয়েকটি বরজের অধিকাংশ পানগাছ কে বা কারা কেটে ফেলেছে। তাঁরা ধারণা করছেন, নির্বাচনে বিরোধিতার জেরে সন্ত্রাসীরা সোমবার গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে বরজের পানগাছগুলো কেটে ফেলেছে। এতে তাঁদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।কামাল সরদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। বালিয়াকান্দি থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, পানের বরজ ধ্বংসের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।